'ও' লেভেল পরীক্ষার্থীরা মহাবিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতাল ঘোষণায় বিপাকে পড়েছে ইংরেজি মাধ্যমের ‘ও’ লেভেল পরীক্ষার্থীরা। আগামী সোমবার তাদের পরীক্ষা রয়েছে। কিন্তু হরতাল চলাকালে ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা নেয় না। ফলে এই পরীক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে একটি বছর নষ্ট হবে।
ঢাকার ব্রিটিশ কাউন্সিল ও কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের সূত্রগুলো গতকাল রাতে প্রথম আলোকে জানায়, ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষাগুলো সারা পৃথিবীতে একই সময়সূচি অনুযায়ী হয়। এ দেশে হরতালের কারণে দীর্ঘদিন ধরে সময়মতো পরীক্ষাগুলো নেওয়া যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিষয়টি নিয়ে চরম উৎকণ্ঠায় থাকতে হচ্ছে।
সূত্রগুলো জানায়, পরীক্ষার সময় এ দেশে সকাল-সন্ধ্যা হরতাল হলে ব্রিটিশ কাউন্সিল হরতাল শেষে রাতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। কিন্তু রাতেও হরতাল হলে পরীক্ষা নেবে না। এ বছর ব্রিটিশ কাউন্সিল সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছে যে একটানা হরতালের কারণে রাতেও কোনো পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সংশ্লিষ্ট পরীক্ষাটি আর নেওয়া হবে না। আর বাতিল হওয়া পরীক্ষাটি পরের বছর দিতে হবে। এর ফলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা একটি বছর পিছিয়ে পড়বে।
অন্য একটি সূত্র জানায়, রাজনৈতিক কর্মসূচির কারণে ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা ব্যাহত হওয়ায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আর পরীক্ষাগুলো না নেওয়ার কথা ভাবছে। সে ক্ষেত্রে এ দেশের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে পাশের দেশ ভারতে গিয়ে।
বাংলাদেশে প্রতিবছর ১০ হাজারের বেশি পরীক্ষার্থী ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয়।