‘ঔষধ কিন্যা খাইতেই কষ্ট অয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টাহা-পয়সা যেইয়া আছেলে, এই তামাইত হেইয়া খরচ কইর‌্যাই অসুখের চিকিৎসা করাইছি। এ্যাহন কইতে গেলে ঔষধ কিন্যা খাইতেই কষ্ট অয়।’ দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বললেন মুক্তিযোদ্ধা মো. মনজুর রহমান (৬০)। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা মনজুর রহমানের গলায় ক্যানসার হয়েছে। এখন শয্যাশায়ী। বাক্শক্তি একরকম হারিয়ে ফেলেছেন। কোনো কিছু জিজ্ঞেস করলে লিখে উত্তর দেন।মনজুর কাগজে লিখে নিজের অবস্থা সম্পর্কে বলেন, ‘চিকিৎসা করাইয়া আগের চাইতে একটু ভালো আছি। তবে এখনো অনেক টাকা দরকার। কীভাবে সেইটা জোগাড় হইব, কইতে পারি না।’কলাপাড়া পৌর শহরের আবহাওয়া অফিস সড়কের বাসভবনে গত মঙ্গলবার বিকেলে তাঁকে দেখতে গিয়ে জানা যায়, গত বছরের মার্চে তাঁর ক্যানসার ধরা পড়ে। তিনি ঢাকার ক্যানসার সোসাইটি হাসপাতালের অধ্যাপক আবদুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা করাতে গিয়ে এ পর্যন্ত তাঁর ১২ লক্ষ টাকা খরচ হয়েছে। ব্যাংকের কিছু সঞ্চয় ও আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে এই খরচ মেটানো হয়। সামনে কীভাবে এ খরচ কোথা থেকে আসবে তা নিয়েই সব দুশ্চিন্তা। স্ত্রী তাহমিনা রহমান বলেন, ‘প্রতিদিন কমপক্ষে এক হাজার টাকার ওষুধ কিনতে হয়। চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়। টাকার অভাবে চারদিকে অন্ধকার দেখছি।’