‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ পাচ্ছেন ড. ইউনূস
নোবেল বিজয়ী ও ক্ষুদ্রঋণের পথিকৃৎ ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ পুরস্কার পাচ্ছেন। ২৩ সেপ্টেম্বর রাতে মার্কিন প্রতিনিধি পরিষদের সবার সম্মতিতে এ-সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। এর আগে ২০০৯ সালে মার্কিন সিনেটে এ-সংক্রান্ত একটি বিল পাস হয়।যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ ও ‘প্রেসিডেনশিয়াল সিটিজেন্স মেডেল’-এর মতো ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ মার্কিন সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। বিশ্বে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদান রাখায় ড. ইউনূসকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ডারবিন ও ইউটা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর রবার্ট বেনেট মার্কিন সিনেটে কংগ্রেশনাল গোল্ড মেডেলের জন্য ড. ইউনূসের নাম প্রস্তাব করেন। প্রতিনিধি পরিষদে তাঁর নাম প্রস্তাব করেন ডেমোক্র্যাট প্রতিনিধি রাস হোল্ট ও জিম মোরান এবং রিপাবলিকান প্রতিনিধি জন কার্টার। প্রতিনিধি পরিষদে উপস্থিত ২৯৭ জন সদস্যের সম্মতিতে এই বিল পাস হয়। বিলের পক্ষে আলোচনায় অংশ নেন ডেমোক্র্যাট রাস হোল্ট, আন্দ্রে কারসন, জিম ম্যাকডারমোট ও ড্যানি ডেভিস এবং রিপাবলিকান স্পেনসার বাসুস। প্রতিনিধি পরিষদে বিলটি পাসের পর তা প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে। ২০১১ সালের প্রথম দিকে সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ আয়োজনে আনুষ্ঠানিকভাবে ড. ইউনূসকে এই পুরস্কার দেওয়া হবে। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ড. ইউনূস। ২০০৯ সালে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার লাভ করেন তিনি। এবার পেলেন কংগ্রেশনাল গোল্ড মেডেল। ড. ইউনূস মাত্র সপ্তম ব্যক্তি হিসেবে এই তিনটি পুরস্কার লাভের কৃতিত্ব অর্জন করলেন। এর আগে মার্টিন লুথার কিং জুনিয়র, এলি ওয়াইজেল, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, নরম্যান বারলগ এবং অং সান সু চি এই তিনটি পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি।