‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ পাচ্ছেন ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণের পথিকৃৎ ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ পুরস্কার দেওয়ার অনুমোদন দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। গত বৃহস্পতিবার রাতে প্রতিনিধি পরিষদে এই অনুমোদন দেওয়া হয়। এ-সংক্রান্ত কাগজপত্র প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।বিশ্বে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদান রাখায় ড. ইউনূসকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ‘মেডেল অব ফ্রিডম’-এর মতো ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।‘গরিবের ব্যাংকের’ প্রতিষ্ঠাতা ৭০ বছর বয়সী ড. ইউনূসের ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচনে ব্যাপক ভূমিকা রাখছে। ১৯৭৬ সালে তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি দরিদ্রদের ঋণ দেওয়া শুরু করেন। এই ভূমিকার জন্য ২০০৬ সালে তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।এক হিসাবে দেখা যায়, ক্ষুদ্রঋণগ্রহীতাদের শতকরা ৯৫ ভাগই নারী। দরিদ্র এই নারীরা সাধারণ ব্যাংকগুলো থেকে ঋণসুবিধা খুব কমই পেয়ে থাকেন। এএফপি।