বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন, ২০১৩’ পাস করা হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি আইনটি পাস করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সাংবাদিকদের এসব কথা বলেন শাহ আহমদ শফী।
এর আগে দুপুরে মাদ্রাসার অদূরে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সমেঞ্চলন করে প্রস্তাবিত এই আইনটি পাস করানো থেকে বিরত থাকার দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। এই দাবির সঙ্গে হেফাজতের আগের ১৩ দফা দাবিও জুড়ে দেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১ নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল, ২ নভেম্বর হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে মহাসমাবেশ ও ১৫ নভেম্বরের মধ্যে সব বিভাগীয় শহরে মহাসমাবেশ।
সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী এসব কর্মসূচি ঘোষণা করে বলেন, এর মধ্যে সরকার কওমি মাদ্রাসা আইন পাসের উদ্যোগ বাদ না দিয়ে এবং হেফাজতের কর্মসূচিতে বাধা দিলে হরতালসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
বাবুনগরী সরকারকে উদ্দেশ করে বলেন, ‘কওমি মাদ্রাসায় বোমা তৈরি করা হয় না। মাদ্রাসাগুলো সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। কওমি মাদ্রাসায় হাত দিলে সরকার ধ্বংস হয়ে যাবে। কওমি মাদ্রাসা আইন পাস করতে হলে লাখ লাখ লাশ পড়বে। কওমি মাদ্রাসার সঙ্গে সরকারের সংঘর্ষ ও সম্পর্ক নেই। সরকার স্কুল-কলেজ নিয়ে থাকে।’
বাবুনগরী নির্বাচন প্রসঙ্গে বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজত কারও ব্যানারে কিংবা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবে না। হেফাজতের কোনো নেতা-কর্মী অংশগ্রহণ করলে এটা তার ব্যক্তিগত ব্যাপার।
বিরোধী দলের চলমান হরতালে হেফাজতের কোনো সমর্থন আছে কি না—এ প্রশ্নের জবাবে হেফাজতের মহাসচিব বলেন, এটি রাজনৈতিক কর্মসূচি। হরতালের সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। কোনো নেতা-কর্মী পালন করলে তা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণ প্রসঙ্গে বলেন, ‘আমাদের তদন্তে এখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি।’
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বলা হয়, মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইনের সুবাদে সরকার নিজেদের মনোনীত কিছু লোক চাপিয়ে দিয়ে খবরদারি করতে চায়। সরকারের ছলচাতুরী বুঝতে পেরে হেফাজতের আমির শাহ আহমদ শফিসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন প্রত্যাখ্যান করেছেন। গত ২০ অক্টোবর সচিব কমিটির বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করা হয় আইনটি। এখন মন্ত্রিসভায় অনুমোদন হলেই তা অধ্যাদেশ আকারে জারি করা হবে।
সংবাদ সম্মেলনে মুফতি ওয়াক্কাস, হারুন ইজাহার ও জাবের আলীসহ গ্রেপ্তার থাকা হেফাজত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।