'কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ' গঠনের প্রতিবাদে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন, ২০১৩’ প্রণয়নের উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ’। গতকাল রোববার চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের উপদেষ্টা শাহ আহমদ শফী।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় দেশব্যাপী সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে। একই সঙ্গে দেশের প্রতিটি মসজিদে ‘কুনুতে নাজেলা’ পড়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত বক্তারা দাবি করেন, কওমি মাদ্রাসার ওপর সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়া শুধু সনদের সরকারি স্বীকৃতির দাবি জানানো হয়েছিল। কিন্তু সরকার এখন সংসদে যে বিল উত্থাপনের লক্ষ্যে খসড়া তৈরি করেছে, তাতে সনদের কথা উল্লেখ নেই, বরং কওমি মাদ্রাসাগুলোকে আষ্টেপৃষ্ঠে বেঁধে সরকারের আজ্ঞাবহ করার লক্ষ্যে সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে। এই বিল পাস হলে কওমি মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে।