'কওমি সনদের স্বীকৃতি ইসলামপন্থীদের মধ্যে বিবাদ বাড়াবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কওমি সনদের সরকারি স্বীকৃতি ইসলামপন্থীদের মধ্যে বিবাদ বাড়াবে বলে মন্তব্য করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন। তিনি দাবি করেন, ভোটের রাজনীতির জন্যই কওমি সনদের স্বীকৃতি দিয়ে সরকার হেফাজতকে পুরস্কৃত করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটি। সেখানে বক্তব্য দেন এম এ মতিনসহ সমন্বয় কমিটির নেতারা। সমাবেশ শেষে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। ‘কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে কোনো প্রকার সংস্কার ও নিয়ন্ত্রণ ব্যতিরেকে এবং বিনা শর্তে মাস্টার্স মান দেওয়ার প্রতিবাদ’ জানিয়ে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।
সমাবেশে সমন্বয় কমিটির সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, যাদের নিজেদের কোনো সনদ নেই, তারা কীভাবে মাস্টার্স সনদ দেওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়? তিনি কওমি সনদের সরকারি স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান। একই সঙ্গে একনীতি ও পাঠ্যসূচির মাদ্রাসা শিক্ষা প্রণয়ন করে আলিয়া ও কওমিদের একই সরকারি সনদ প্রদান করার দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির নেতা মাওলানা গোলামুর রহমান আশরাফ, মাওলানা রেজাউল করিম তালুকদার, নূর হোসাইন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফজলুল করিম তালুকদার প্রমুখ।