'কক-বরক' বিলুপ্তির পথে, 'পাথর ভাষা' বিপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। তাদের ভাষার নাম কক-বরক। কিন্তু তাদের এ ভাষা এখন বিলুপ্তপ্রায়। ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ তাদের ভাষা ভবিষ্যতে টিকে থাকবে কি না, তা নিয়ে খুবই উদ্বিগ্ন।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এলাকার পাহাড়ি অঞ্চলে বসবাসরত আরেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম ‘পাত্র’। তাদের কোনো সাহিত্য, দলিল পাওয়া না গেলেও এক মাঠ জরিপে দেখা যায়, বাংলাদেশের পাত্র সম্প্রদায়ের জনসংখ্যা হচ্ছে চার হাজার। বাংলাদেশের অন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে তাদের চেহারা, ধর্ম, সমাজ, সংস্কৃতি ও ভাষা আলাদা। তারা শুধু নিজেদের বাড়িতে নিজস্ব ভাষায় (পাথর ভাষা) কথা বলে। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে দেখা যায়, এটি একটি শক্তিশালী ভাষা। তবে বর্তমানে তা বিলুপ্তির পথে ও বিপন্নপ্রায়।
ভাষার মৃত্যু মানে সভ্যতা, ওই ভাষাভাষী জনগোষ্ঠী ও সংস্কৃতির মৃত্যু। তাই ভাষা রক্ষা করা মানবতার দায়িত্ব।
গত রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের নৃবিজ্ঞানে সমসাময়িক ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে ‘কক-বরক: বাংলাদেশের ত্রিপুরা ভাষার একটি নৃতাত্ত্বিক পর্যবেক্ষণ’ ও ‘বিপন্ন ভাষা পাথর: একটি ভাষাবৈজ্ঞানিক পর্যবেক্ষণ’ শীর্ষক দুটি আলাদা প্রবন্ধ উপস্থাপন ও এ নিয়ে আলোচনায় এসব তথ্য ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
রোববার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।
এর আগে গত শনিবার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান।
উদ্বোধনী দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞানী থেরেসা ব্লসে।
সম্মেলনের আহ্বায়ক এ কে এম মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন সামাজিক সমস্যাগুলো অনুধাবন করা এবং সামাজিক সংগঠনগুলোর মৌলিক বিষয়গুলো ও সেই পরিবর্তনের অবয়বকে চিহ্নিত করে তা কীভাবে জনবান্ধব করা যায় তার জন্য নৃবিজ্ঞান বিষয়ে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন খুবই প্রাসঙ্গিক ও সময়োপযোগী।’