চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার ক্যাম্পাসে বন্য প্রাণী জাদুঘর গড়ে তোলা হবে। পর্যটকেরা জাদুঘর থেকে উপকূলীয় জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা পাবেন। সীমিত পরিসরের এই জাদুঘরে কক্সবাজার বনাঞ্চলের বিলুপ্তপ্রায় প্রাণিকুলকে ঠাঁই দেওয়া হবে।
১১ নভেম্বর দুপুরে ক্যাম্পাসের যাতায়াতের নির্মাণাধীন সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। ক্যাম্পাসে শিক্ষার্থীরা উপকূলীয় জীববৈচিত্র্য নিয়ে পড়াশোনা ও উচ্চতর গবেষণা করছেন। কক্সবাজার শহরতলির দরিয়ানগরের বড়ছড়ায় এই ক্যাম্পাসের অবস্থান।
উপাচার্য বলেন, ইতিমধ্যে কক্সবাজার ক্যাম্পাসে কাঁকড়ার গবেষণাগার স্থাপন করা হয়েছে। স্নাতকের শিক্ষার্থীরা কোর্সের অংশ হিসেবে কক্সবাজার ক্যাম্পাসে পড়ালেখা করছেন। এই ক্যাম্পাসে বন্য প্রাণীর একটি গবেষণাগার স্থাপনেরও প্রক্রিয়া চলছে।
গৌতম বুদ্ধ দাশ নির্মাণাধীন সড়ক পরিদর্শনকালে নির্মাণকাজে ব্যবহারের জন্য আনা পাথরের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন নুরুল আবছার খান, প্যাথলজি ও প্যারা সাইটোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, এ এম জুনায়েদ ছিদ্দিকী প্রমুখ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, স্থানীয় লোকজনের অনুরোধে এই সড়কটি বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে। এতে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। প্রথম ধাপে নির্মাণাধীন সড়কের দৈর্ঘ্য হবে ৮৩০ ফুট এবং প্রস্থ প্রায় ১৩ ফুট। পাশে থাকবে পাকা নালা।