‘কক্সবাজার-সুন্দরবন’ রোড শো উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে গতকাল শুক্রবার নয় দিনের ‘কক্সবাজার-সুন্দরবন’ রোড শো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। আজ শনিবার এই রোড শো কক্সবাজার থেকে যাত্রা করে আগামী ২ অক্টোবর খুলনায় গিয়ে পৌঁছাবে।বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্রিয়াব) যৌথভাবে এই রোড শোর আয়োজন করেছে।সৈকতের লাবণী পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম মিনা, পর্যটন করপোরেশনের পরিচালক জামাল উদ্দিন নাসের, প্রিয়াবের চেয়ারম্যান এনায়েত উল্লাহ খান, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল প্রমুখ।বেলা ১১টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে বিশাল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পর্যটন মোটেল শৈবালে গিয়ে শেষ হয়। এতে কক্সবাজারে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিতে আসা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন ও জাপানের ৩৪ সার্ফার, কক্সবাজারের তিন শতাধিক রাখাইন তরুণ-তরুণীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার বলেন, ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। এবারের পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ‘পর্যটন ও জীববৈচিত্র্য’। বহির্বিশ্বে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ও সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য তালিকায় তুলে ধরার লক্ষ্যে এই রোড শোর আয়োজন করা হয়েছে। রোড শো উপলক্ষে গতকাল লাবণী পয়েন্টে পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাখাইন তরুণ-তরুণী এবং অন্যান্য শিল্পী নাচ-গান পরিবেশন করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শনিবার সকাল সাতটায় রোড শো কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে। পথে চকরিয়া, সাতকানিয়া ও পটিয়ায় সংক্ষিপ্ত সমাবেশ হবে। ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে শোভাযাত্রাটি ফেনী হয়ে কুমিল্লায় পৌঁছাবে। একই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেবে রোড শো। ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান শেষে ৩০ সেপ্টেম্বর ঢাকা থেকে যাত্রা করে বাগেরহাটে পৌঁছাবে। ১ অক্টোবর রোড শোটি বাগেরহাট থেকে মংলায় পৌঁছাবে। ২ অক্টোবর শোভাযাত্রাটি খুলনায় পৌঁছাবে।বিদেশিদের পরিচ্ছন্নতা অভিযান: বাংলাদেশের প্রথম সার্ফার জাফর আলমের নেতৃত্বে একদল সার্ফার গতকাল সৈকতের লাবণী পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালায়। এই দলে ছিলেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও সুইডেন থেকে আসা ৩৪ সার্ফার।