'কক্সবাজারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কক্সবাজারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু চাই। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।’ গত মঙ্গলবার বিকেলে জেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সন্মেলনে কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী ২০১৪ সালের মার্চ মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য কক্সবাজার সমুদ্রসৈকতের পর্যটন গলফ মাঠের ৫১ একর জমিতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। বর্তমানে স্টেডিয়ামের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। কিন্তু হঠাৎ করে টি-টোয়েন্টির ভেন্যু থেকে কক্সবাজারকে বাদ দেওয়ার ঘোষণা আমরা মেনে নিতে পারছি না।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কক্সবাজারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। স্থানীয় (কক্সবাজার-৩) সাংসদ লুৎফর রহমান ওরফে কাজল বলেন, অদৃশ্য কারণে কক্সবাজার ভেন্যুটি বাতিল করা হয়েছে। এতে জেলার ২৪ লাখ মানুষ হতাশ।

জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ভেন্যু বাতিলের কারণে আমরা মর্মাহত। টি-টোয়েন্টি আসরের খেলা কক্সবাজারে হবে-এজন্যই এখানে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ওই স্টেডিয়ামের ভিত্তিফলক উন্মোচন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোসেন বলেন, কক্সবাজারে ভেন্যুর জন্য ঢাকায় কথা বলার কেউ নেই বলে আমাদের এই দুরবস্থা। আমরা এখানে ভেন্যুর জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করব।