‘কক্সবাজারে রোহিঙ্গাদের ঠাঁই নেই’
‘কক্সবাজারে কোনো রোহিঙ্গার ঠাঁই হবে না। যাঁরা রোহিঙ্গাদের এ দেশে নিয়ে আসার চক্রান্ত করছে, তাঁদের জাতির শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।’ সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মানববন্ধন-সমাবেশে গতকাল রোববার এ কথা বলেন কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান। কক্সবাজার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সুজন জেলা শাখার সভাপতি ও কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল বারী। সমাবেশে দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহামঞ্চদ নূরুল ইসলাম বলেন, কক্সবাজারের প্রধান সমস্যা রোহিঙ্গা। ১৯৯১ সালে আসা আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থীর মধ্যে টেকনাফ ও উখিয়ার দুটি শিবিরে এখনো ২৮ হাজার রোহিঙ্গা অবস্থান করছে। গত কয়েক বছরে জেলার সমুদ্রসৈকত ও বনজঙ্গল দখল করে বসতি করেছে আরও পাঁচ লাখের বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা। শ্রমবাজার রোহিঙ্গাদের দখলে চলে যাওয়ায় জেলার আড়াই লাখ শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছে। এ অবস্থায় রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা কোনোভাবেই মেনে নেবে না জেলার মানুষ। সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, দেশি-বিদেশি কয়েকটি এনজিও মিয়ানমারের কতিপয় জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আঁতাত করে আবার রোহিঙ্গা অনুপ্রবেশের চক্রান্ত করছে। যদি রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হয়, তাহলে দেশের সার্বভৌম ও জননিরাপত্তা হুমকির মুখে পড়বে। জেলা সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তাপস রক্ষিত বলেন, দেশের একটি মৌলবাদী রাজনৈতিক দল আবার রোহিঙ্গাদের অনুপ্রবেশ করানোর চক্রান্ত করছে। সাংবাদিক তোফায়েল আহমদ বলেন, মিয়ানমারের পরিস্থিতি এখন স্বাভাবিক। এ কারণে কয়েক দিন ধরে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ রয়েছে। কিন্তু আন্তর্জাতিক একটি গোষ্ঠী রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে। এ ছাড়া জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, দৈনিক দৈনন্দিন পত্রিকার বার্তা সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।এর আগে গত শনিবার উখিয়ার কুতুপালং এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো এবং চক্রান্তকারীদের প্রতিরোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে স্থানীয় জনগণ।