'কখন না মাথার ওপর ভেঙে পড়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিত্যক্ত ভবনে ক্লাস করছে খুলনা নগরের এই শিক্ষার্থীরা
পরিত্যক্ত ভবনে ক্লাস করছে খুলনা নগরের এই শিক্ষার্থীরা

খুলনা নগরের হাজি আবদুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি চার বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ২০১১ সালে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের চরম ঝুঁকিপূর্ণ ভবনের পরিবর্তে বিকল্প স্থানে পাঠদান চালিয়ে যেতে চিঠি দেন। এত দিন ধরে তাই চলছিল।
বর্তমানে বিকল্প না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ সেই ভবনেই চলছে পাঠদান। এতে যেকোনো সময় ভবন ধসে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকেরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, খানজাহান আলী সেতুসংলগ্ন দক্ষিণ লবণচরার মোক্তার হোসেন রোডের পাশে ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পাঠদানের জন্য ১৯৯৩ সালে চার কক্ষবিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ৩০০ জন শিক্ষার্থী রয়েছেন। ২০০৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর থেকে এই বিদ্যালয়ে পাসের হার শতভাগ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহেবুর রহমান পিটু মোল্লা বলেন, ‘সিটি মেয়র, স্থানীয় সাংসদ, এলজিইডির প্রধান প্রকৌশলী ভবনটি দেখে গেছেন। নতুন ভবন নির্মাণের ব্যাপারে তাঁরা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। বিদ্যালয়টি সদর উপজেলার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকার প্রথমে থাকলেও কোনো কাজ হচ্ছে না। ছোট বাচ্চাগুলোকে নিয়ে আমরা বিপদে আছি।’ সহকারী শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল এবং মাছুম রায় বলেন, ‘আমরা খুব বিপদে আছি। সব সময় আতঙ্ক কাজ করে। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে কখন না মাথার ওপর হুড়মুড় করে ভেঙে পড়ে। বর্ষাকাল বলে বাইরেও ক্লাস নেওয়া যাচ্ছে না।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ভবনের পিলারগুলোর পলেস্তারা খসে লোহার রড বেরিয়ে পড়েছে। ভবনের ছাদ থেকে বড় বড় পলেস্তারা খসে পড়েছে। জানালাগুলোর একটিও ভালো নেই। দুটি কক্ষ এতটাই ব্যবহার অনুপযোগী যে সেখানে কোনো ক্লাস নেওয়া সম্ভব নয়। শিক্ষকেরা যে কক্ষটি ব্যবহার করছেন, তার ওপর টিনের ছাউনি। টিনের ফুটো দিয়ে পানি পড়ছে। এর মধ্যেই কাজ করছেন শিক্ষকেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দীন খান প্রথম আলোকে বলেন, ‘২০১১ সালের ১৯ জুন ভবনটিতে পাঠদান না করানোর জন্য টিও স্যার চিঠি দেন। কিছুদিন পাশের এতিমখানায় ক্লাস নিয়েছি। কিন্তু বর্তমানে কোনো বিকল্প নাই। এদিকে স্কুলে প্রচুর উপস্থিতি। বসানোর জায়গা নেই। যেখানে যতভাবে বলা সম্ভব ভবনটির কথা জানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার তো আমারও। চাকরির বয়স পাঁচ বছর আছে। শেষ সময়ে না জানি জেল খাটতে হয়।’
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা অধিদপ্তরে পাঠাই। সেখান থেকে বিষয়টা তারা দেখে। এতগুলো বাচ্চাকে অন্য জায়গায় শিফট করাতে না পারলে বিপদ হতে পারে। আমি জেলা পরিষদের সঙ্গে আলাপ করে কিছু করা যায় কি না, দেখব।’