‘কখন পলেস্তারা খসে মাথায় পড়ে কে জানে’
‘ক্লাসের ছাদের মধ্যি বড় বড় ফাটল। ক্লাসে ঢুকলি ভয় করে। স্যার পড়াতি আসলি তাঁর দিকি চোখ থাকে না, থাকে ছাদের দিকি। কখন প্লাস্টার (পলেস্তারা) খসে মাথায় পড়ে, কে জানে।’ এভাবে নিজের আতঙ্কের কথা বলছিল নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা উদয়ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ফারজানা। গত বৃহস্পতিবার সে এসব কথা বলে।সরেজমিনে দেখা গেছে, বাইরে থেকে বিদ্যালয় ভবনটি দেখলে নতুন মনে হবে। দরজা-জানালা সব ঠিক আছে।। কিন্তু ভবনটি যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা ভেতরে প্রবেশ না করলে বোঝার উপায় নেই। ভবনটির ছাদ এবং ভিম ফেটে গিয়ে মরিচা ধরা রড বের হয়ে আছে।প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান জানান, ১৯৭৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৯৪ সালে এটি পুনর্নির্মাণ করা হয়। দীর্ঘ ১৭ বছর বিদ্যালয়ের কোনো সংস্কার করা হয়নি। ভবনের ছাদে বড় বড় ফাটল ধরে পলেস্তারা খসে পড়ছে। পাঠদান চলাকালে পলেস্তারা খসে পড়ায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। বৃষ্টি হলেও ছাদ চুইয়ে ভবনের ভেতরে পানি পড়ে।এস এম মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের চারটি কক্ষের মধ্যে তিনটি শ্রেণীকক্ষ এবং একটি কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। ঝুঁকিপূর্ণ হওয়ার পরও ওই তিন শ্রেণীকক্ষেই পাঠদান চলছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, উপজেলায় পাঁচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর মধ্যে ইতনা উদয়ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একটি। ওই বিদ্যালয়ের ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।