‘কখন যে আমাদের ওপর ভেঙে পড়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালিমা, জোসনা, রুবেল, আমির ও তাদের সহপাঠিরা একবাক্যে বলল, ‘আমরা প্রতিদিন স্কুলে ঢোকার মুহূর্তে ভীষণ ভয়ের মধ্যে থাকি, কখন যে পাশের তিনতলা ভবনটি আমাদের ওপর ভেঙে পড়ে। এর পরও প্রতিদিন ভবনটির নিচ এবং পাশ দিয়েই স্কুলে যাতায়ত করি।’জরাজীর্ণ এই ভবনটি নোয়াখালী সদর উপজেলার আশ্বদিয়া ইউনিয়নের কালাচাঁদপুর এলাকার একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। এর পাশের কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তারা। ২০০৮ সালের ৮ জুন জেলা কনডেমনেশন কমিটি ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। একই সঙ্গে ভবনটিকে বিপজ্জনক উল্লেখ করে এর পাশ দিয়ে জনসাধারণকে চলাচল না করার অনুরোধ জানিয়ে সাইবোর্ড টানানো হয়।কিন্তু পরিত্যক্ত ঘোষণার আড়াই বছরের বেশি সময় পার হলেও সরকারিভাবে ভবনটি ভাঙার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভবনের এক পাশ দিয়ে জনসাধারণের চলাচলের পথ এবং অন্যপাশ দিয়ে স্কুলে যাতায়াতের পথ। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, তিনতলা এ ভবনটির অধিকাংশ পিলারের (কলাম) ইট-সুরকি খসে পড়েছে। এভাবে কয়েকটি পিলারের রড বেরিয়ে যাওয়ায় সেগুলো কেটে নিয়ে গেছে চোরেরা। নিচতলা থেকে ওপরে ওঠার সিঁড়ি ভেঙে পড়েছে অনেক আগেই। দেয়াল ও ভিমের বিভিন্ন অংশে বড় বড় ফাটল ধরেছে। এর পরও ছাত্রছাত্রীরা ভবনটির নিচ দিয়ে স্কুলে আসা-যাওয়া করছে ঝুঁকি নিয়ে।এলাকার বাসিন্দা আবদুল হক জানান, যত দূর মনে পড়ে ১৯৭২-৭৩ সালের দিকে আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এটির পরিচর্যার কোনো ব্যবস্থা নিতে কখনো দেখেননি তাঁরা। ফলে দিনে দিনে এটি জরাজীর্ণ হয়ে পড়ে। প্রায়ই ভবনের ইট-সুরকি খসে পড়তে দেখেন। সরকারি লোকজন ভবনের গায়ে সাইবোর্ড ঝুলিয়েই দায় সেরেছেন।বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আবেদা আক্তার ও শামীমা সুলতানা জানান, ‘আশ্রয়কেন্দ্রটির অবস্থা খুবই নাজুক। স্কুলের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। তাই সব সময় নিজেদের চেয়ে স্কুলের ৩৪০ জন ছাত্রছাত্রীর জীবন নিয়ে আমাদের চিন্তায় থাকতে হয়।’নোয়াখালীর জেলা প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি সদর উপজেলা প্রশাসনের দেখার কথা। আপনি তাঁদের সঙ্গে আগে কথা বলে দেখতে পারেন।’ পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।