'কখনো ভাবিনি জীবিত ফিরতে পারব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিপণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। অনেক দিন খাবার জুটেছে এক বেলা। সঙ্গীদের প্রায় অর্ধেককে ডুবে মরতে দেখেছি চোখের সামনে। জলদস্যুদের গুলিতে নিহত সঙ্গীর লাশ নিজের হাতেই তুলে রেখেিছ ফ্রিজে। কখনো ভাবিনি জীবিত ফিরতে পারব৷’
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর মুক্তি পাওয়া নাবিক আমিনুল ইসলাম এভাবেই জানালেন তাঁর অনুভূতি৷ ছয় সঙ্গীসহ গতকাল বৃহস্পতিবার সকালে ফের দেশের মাটিতে পা রেখেছেন কুমিল্লা জেলার ২৫ পেরোনো এই তরুণ।
সকাল পৌনে নয়টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আমিনুল, গোলাম মোস্তফা, লিমন সরকার, নুরুল হক, জাকির হোসেন, হাবিবুর রহমান ও আবুল কাশেম৷ তাঁদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সমুদ্রবিষয়ক) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।
একে-৪৭ হাতে চার দস্যুর হানা: বিমানবন্দরে গতকাল সকালে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে অপহরণের দিনটির স্মৃতিচারণা করেন আমিনুল৷ তিনি বলেন, ‘দিনটি ছিল শুক্রবার। ২৬ নভেম্বর ২০১০। সকালবেলা প্রতিদিনের মতো আমরা নাবিকসহ জাহাজের ২৩ জন সদস্য যে যার কাজে ব্যস্ত৷ অতর্কিতে একে-৪৭ রাইফেল হাতে চার জলদস্যু উঠে পড়ে আমাদের জাহাজ এমভি আলবেদোতে। কিছু বুঝে ওঠার আগেই সবাইকে মারধর শুরু করে তারা৷ সেই থেকে শুরু হয় মুক্তিপণের জন্য অত্যাচার ও নির্যাতন৷’
মালয়েশিয়ার মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি আলবেদো অপহৃত হয় সোমালিয়ার উপকূল থেকে ৯০০ মাইল দূরে৷ জলদস্যুদের নিয়ন্ত্রণেই সাগরে ভাসতে থাকে পুরোনো, সংস্কারহীন জাহাজটি৷ ২০১৩ সালের জুলাইতে এটি ডুবে গেলে পাঁচজন কর্মীর মৃত্যু হয়৷ এর মধ্যে চারজন শ্রীলঙ্কার ও একজন ভারতের নাগরিক৷ অপহৃত বাকি ১৮ নািবককে অন্য একটি জাহাজে আরেক দল দস্যুর কাছে তুলে দেওয়া হয়৷
আমিনুল জানান, মুক্তিপণ না পাওয়ায় মরিয়া হয়ে ওঠে জলদস্যুরা। একপর্যায়ে গত বছরের জুনে ভারতীয় এক নাবিককে গুলি করে হত্যা করে তারা৷ পরে সহকর্মীরা তাঁর লাশ কিছুদিন ফ্রিজে তুলে রাখেন। জলদস্যুরা তাঁদের দিয়ে নানা রকম পণ্য কনটেইনারে ওঠানো-নামানো করাত৷ এভাবে দিন কাটতে থাকে৷ অবশেষে সরকারের উদ্যোগে তাঁরা মুক্তি পান। মুক্তি পাওয়ার পর প্রথমে কেনিয়ায় যান তাঁরা৷ সেখানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চিরঞ্জীব সরকার তাঁদের জন্য বাড়ি থেকে ভাত-তরকারি রান্না করে নিয়ে যান৷ সাড়ে তিন বছর পর বাঙালি খাবারের স্বাদ পান তঁারা৷
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে উদ্ধার পাওয়া সাত নাবিককে উত্তরার একটি হোটেলে নিয়ে যায় লন্ডনভিত্তিক সাহায্য সংস্থা সামুদ্রিক দস্যুতা ও মানবিক সহায়তা কর্মসূচির (এমপিএইচআরপি) একটি প্রতিনিধিদল। নাবিকদের পরিবারের কোনো সদস্যকে বিমানবন্দরে আনা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এমপিএইচআরপি এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) মাধ্যমে ৭ জুন বাংলাদেশের সাত নাবিককে জলদস্যুদের কবল থেকে মুক্ত করে সোমালিয়া থেকে কেনিয়ায় নেওয়া হয়।
মুক্তির নেপথ্য কাহিনি: লন্ডনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, মুক্তিপণ হিসেবে বাংলাদেশের সাত নাবিকের জন্য সাত কোটি টাকা দাবি করে অপহরণকারীরা৷ মালয়েশিয়ার মালিক একপর্যায়ে জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করলে বাংলাদেশের নাবিকদের ফিরিয়ে আনা নিয়ে শুরুতে সংশয় দেখা দেয়। ২০১২ সালের মাঝামাঝি অপহৃতদের ফিরিয়ে আনার বিষয়টি তত্ত্বাবধানের দায়িত্ব নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। শুরুতে নাইরোবির জাতিসংঘ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। সোমালিয়ার মোগাদিসুতে কর্মরত এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অপহৃতদের উদ্ধারে উদ্যোগী হন৷ তিনিই প্রথম নিশ্চিত করেন অপহৃত সাত বাংলাদেশি জীবিত রয়েছেন।
২০১২ সালের নভেম্বরে বাংলাদেশ এমপিএইচআরপিকে সাত নাবিককে উদ্ধারের অনুরোধ জানায়৷ তখন সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, টাকা ছাড়া বাংলাদেশিদের অক্ষত অবস্থায় মুক্ত করা সম্ভব নাও হতে পারে৷ এদিকে দর-কষাকষি করতে করতে মুক্তিপণের দাবি প্রায় অর্ধেকে নামিয়ে আনে দস্যুরা৷ এমপিএইচআরপির সহায়তায় ওই টাকা জোগাড়ে ভূমিকা রাখে যুক্তরাজ্যের একটি দাতব্য প্রতিষ্ঠানও।