জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মো. আবু আসাদ (৬২)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে তাঁকে সুবহান ‘মুজাহিদ বাহিনীতে’ যোগ দিতে বাধ্য করেন। তিনি দেখেছেন, কখনো সুবহান, কখনো সঙ্গে থাকা পাকিস্তানি সেনারা গুলি করে যুবকদের হত্যা করত।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবু আসাদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতানা রেজিয়া। এ সময় আসামির কাঠগড়ায় সুবহান হাজির ছিলেন।
জবানবন্দিতে আবু আসাদ বলেন, তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদীতে। মুক্তিযুদ্ধকালে তাঁর বয়স ছিল ২০-২২ বছর। একাত্তরের ১৫ এপ্রিল পাকিস্তানি সেনা ও সুবহান তাঁদের গ্রাম জয়নগরে এসে গুলি করে মানুষ হত্যা ও অগ্নিসংযোগ করেন। তিনি সুবহানের হাতে ধরা পড়েন। গ্রামে ধ্বংসযজ্ঞ শেষে তাঁকেসহ আটক কয়েকজনকে ট্রাকে তুলে হার্ডিঞ্জ ব্রিজের পাশে স্থাপিত সেনা ক্যাম্পে নেওয়া হয়। সেখানে সুবহান তাঁদের পাকিস্তানকে রক্ষার জন্য তাঁর ‘মুজাহিদ বাহিনীতে’ যোগ দিতে নির্দেশ দিয়ে বলেন, যারা এ নির্দেশ মানবে না তাদের গুলি করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, মুজাহিদ বাহিনীর সদস্য হিসেবে ক্যাম্পে পাকিস্তানি সেনাদের কাছে অস্ত্র চালনার প্রশিক্ষণ নেওয়ার সময় তাঁরা দেখেছেন, সুবহান পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে প্রায়ই পাঁচ-সাতজন যুবককে হাত-চোখ বেঁধে হার্ডিঞ্জ ব্রিজের নিচে নিয়ে আসতেন। মধ্যরাতে সুবহান মেজর জয়তুনের সঙ্গে পরামর্শ করে তাঁদের সহায়তায় ওই যুবকদের ব্রিজের ওপর আনতেন। তিনি দেখেছেন, কখনো সুবহান তাঁর পিস্তল দিয়ে আবার কখনো পাকিস্তানি সেনারা গুলি করে যুবকদের হত্যা করত। তিনি বলেন, মুজাহিদদের কড়া নজরদারিতে রাখা হতো। অনেকবার তিনি পালানোর চেষ্টা করেও পারেননি। সন্দেহ হওয়ায় সুবহান পাঁচ মুজাহিদ সদস্যকে গুলি করে হত্যা করেন। এঁদের চারজন হলেন হাশেম, কাশেম, মুজিবর ও রুস্তম।
আবু আসাদ বলেন, ১৫ দিনের প্রশিক্ষণ শেষে একাত্তরের ২ মে পাকিস্তানি সেনাদের সঙ্গে তাঁদের (মুজাহিদ সদস্য) শাহপুর গ্রামের দিকে নেওয়া হয়। সঙ্গে থাকা সুবহানের হাতে একটি তালিকা ছিল। তাঁদের কয়েকজনকে গাড়ি পাহারায় রেখে সেনা ও অন্যদের নিয়ে সুবহান সুতাগাং নদি পার হয়ে গ্রামটির দিকে যান। এর ১০-১৫ মিনিট পর সেখান থেকে গুলির শব্দ পান ও ধোঁয়া দেখেন। সেখানে যাওয়া মুজাহিদ সদস্যদের কাছে তিনি শুনেছেন, ওখানে সুবহানের নেতৃত্বে সেনারা ২০-২৫ জনকে গুলি করে হত্যা করে। ক্যাম্পে ফিরে সেনারা নারীদের নির্যাতনের কথা বলাবলি করছিল।
রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, ১৫ বা ১৬ নভেম্বর দুই মুজাহিদকে তিনি রাইফেলসহ পালাতে সাহায্য করেন। এ ঘটনায় সেনারা তাঁকে সন্দেহ করে নির্যাতন করে। পরদিন সুবহান জিজ্ঞাসাবাদের সময় তাঁকে মারধর করেন। পরে একদিন তাঁকে ও পাকিস্তানি সেনাদের নিয়ে সুবহান মুলাডুলির বেতবাড়িয়া এবং হিন্দু অধ্যুষিত আড়মবাড়িয়ায় যান। সেখানে সুবহানের দেখানো মতে ও হাতে থাকা তালিকা অনুসারে সেনারা বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ এবং সামনে যাকে পেয়েছে তাকেই গুলি করে হত্যা করে।
জবানবন্দির এ পর্যায়ে কাঁদতে কাঁদতে সাক্ষী বলেন, সেখানে তিনি পাকিস্তানি সেনাদের বাবার সামনে মেয়েকে ও স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষিত হতে এবং তাঁদের গুলি করে হত্যা করতে দেখেছেন। সুবহান সেনাদের সঙ্গে থাকতেন। তিনি বলেন, ২৮ বা ২৯ নভেম্বর কয়েকজন বাঙালি মুজাহিদ ও পাকিস্তানি সেনাকে একটি রেলওয়ে কালভার্ট পাহারার দায়িত্ব দেওয়া হয়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি পালিয়ে ভারতে চলে যান। ভারতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার সময় দেশ স্বাধীন হয় এবং তিনি দেশে ফেরেন। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা হিসেবে সরকার তাঁকেসহ ২৫ জনকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে চাকরি দেয়।
জবানবন্দির শেষ পর্যায়ে আবু আসাদ আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন। আজ বুধবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়।