‘কচিকাঁচা মন্ত্রীরা দেশ চালাতে ব্যর্থ’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘কচিকাঁচা মন্ত্রীরা দেশ চালাতে ব্যর্থ। হিলারি ক্লিনটনের কথা ভালো না লাগায় তিনি বিমানে ওঠার আগেই তাঁর বিরুদ্ধে কথা বলা শুরু হলো। বর্তমানে দেশে সম্মানিত লোকেরা সমঞ্চান পাচ্ছেন না।’ পিরোজপুরে গতকাল মঙ্গলবার জেলা বিএনপি আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহামন এ কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি খুনিদের সাজা মওকুফ করেন। প্রধানমন্ত্রী কথা বলেন টক শো নিয়ে। সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে নৃশংসভাবে হত্যার পর এখন চলছে সাংবাদিক নির্যাতন। তাঁরা (সাংবাদিক) সত্য তুলে ধরায় তাঁদের ওপর এ নির্যাতন চালানো হচ্ছে। পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় স্বাধীনতা মঞ্চে আয়োজিত এ প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলমগীর হোসেন, লিয়াকত আলী শেখ, আবদুস ছালাম ও এম ছরোয়ার হোসেন।