'কত আনন্দ করলি রে, রাতে ক্যান চলে গেলি'
ঈদে তিন সন্তানকে পছন্দমতো কাপড় কিনে দিয়েছিলেন মা। সেগুলো পরে সারা দিন আনন্দ করেছে তিন ভাইবোন। রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তারা। গত শনিবার গভীর রাতে পাহাড়ধসে মাটিচাপায় মারা যায় তিন ভাইবোন।
গত রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে বসে কাঁদছিলেন ওই তিন শিশুর মা পারভীন আক্তার। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘সবাইকে পছন্দমতো কাপড় কিনে দিয়েছি। ওগুলো পরে সকালে তোরা কত আনন্দ করলি রে! রাতে ক্যান আমারে ছেড়ে চলে গেলি। আমারে ক্যান নিয়ে যাস নাই রে, সোনা মানিক।’
গত শনিবার গভীর রাতে চট্টগ্রাম নগরের আমিন কলোনির ট্যাংকির পাহাড় ধসে মাটিচাপায় তিন সন্তানকে হারান পারভীন আক্তার ও মোহাম্মদ শাহজাহান দম্পতি। শাহজাহান টিউবওয়েলের মিস্ত্রি। মাত্র ১৮ দিন আগে পাহাড়ের পাদদেশে টিনের ঘর ভাড়া নেন এই দম্পতি।
মর্গ থেকে গত রোববার সকালে পঞ্চম শ্রেণির ছাত্র শুভ আহমেদ (১২) এবং সালমা আক্তার (৫) ও দেড় বছরের শিশু বিবি মরিয়মের লাশ বের করে মা-বাবাকে বুঝিয়ে দেওয়া হয়।
বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, মোহাম্মদ শাহজাহান স্ত্রী ও তিন সন্তান নিয়ে আমিন কলোনির ট্যাংকির পাহাড়ের পাদদেশে নির্মিত টিনের তৈরি ঘরে ভাড়া থাকতেন। শনিবার গভীর রাতে প্রবল বর্ষণের সময় ঘরে পাহাড়ের মাটি ধসে পড়ে। চাপা পড়ে তাঁর তিন শিশুসন্তান ঘটনাস্থলে মারা যায়।
গত রোববার সকালে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শত শত নারী-পুরুষ ভিড় করে আছেন সেখানে। মাটিচাপা পড়া ঘর থেকে জিনিসপত্র বের করে নিয়ে আসছেন তিন যুবক। তাঁদেরই একজন ফয়েজউল্লাহ লিটন। তিনি মোহাম্মদ শাহজাহানের অধীনে কাজ করেন। ফয়েজউল্লাহর বাসা শাহজাহানের বাসার কাছাকাছি। তিনি বলেন, ‘রাত একটার দিকে আমার বাসায় ছুটে আসেন ওস্তাদ শাহজাহান। আমাকে বললেন, “লিটন, তাড়াতাড়ি আয়, আমার সব শেষ।” পরে দৌড়ে এসে দেখি, তিন বাচ্চা মাটির নিচে চাপা পড়ে আছে।’
শাহজাহানের পাশের ঘরে ভাড়া থাকেন মো. নাছির ও আয়েশা বেগম। তাঁদের ঘরও মাটিচাপা পড়ে। কোনোমতে রক্ষা পান স্বামী-স্ত্রী দুজন। আয়েশা বেগম বললেন, শাহজাহান স্ত্রী-সন্তান নিয়ে ১ জুলাই এই বাসায় ওঠেন। মাত্র ১৮ দিনের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটল।