'কত টাকা দিলে আমার পোলাডারে পাইমু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওগো কথামতো এক লাখ টেহা দিলাম, হেরা তো আমার পোলাডারে ফিরত দিল না। তারা মোবাইলে লেখা পাঠায়, আরও টেকা দিলে পোলা ফিরত দিব। তাগো কত টাকা দিলে আমার পোলাডারে পাইমু।’
কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন কেরানীগঞ্জের মুগারচর এলাকায় অপহৃত স্কুলছাত্র মো. আবদুল্লাহর মা রিনা বেগম।
গত শুক্রবার জুমার নামাজের পর রুহিতপুর ইউনিয়নের মুগারচরের বাসা থেকে মাঠে খেলতে যাওয়ার কথা বলে আবদুল্লাহ বের হলে নিখোঁজ হয়। ওই দিনই বিকেল সাড়ে পাঁচটার দিকে অপহরণকারীরা একটি নম্বর থেকে খুদেবার্তা পাঠিয়ে আবদুল্লাহর পরিবারের কাছে মুক্তিপণ বাবদ ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরিবারের দাবি, লোকদের কথামতো এক লাখ টাকা পাঠিয়ে দেয় তারা।
আবদুল্লাহ নিখোঁজের ঘটনায় ওই দিন রাতে নানা মারফত আলী কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গতকাল রোববার দুপুরে রিনা বেগমের বাড়িতে গেলে দেখা যায়, বাড়ির দরজার কাছে অসংখ্য নারী-পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিড়। ঘরে প্রবেশ করা মাত্রই আবদুল্লাহর মা চিৎকার করে বলেন, ‘আপনেরা আমার পোলাডারে আইনা দেন। তিন দিন হয়া গেল পোলার খবর পাই না। কই আছে তাও জানি না।’
আবদুল্লাহর চাচা মো. আদিল বলেন, ‘লোকদের কথামতো গত শনিবার বিকেল পাঁচটার দিকে বিকাশে এক লাখ টাকা পাঠাইছি। এরপর থেকে সেই মোবাইল নম্বরটি বন্ধ পাচ্ছি। বাসায় পুলিশ এসে বলেছিল আবদুল্লাহকে উদ্ধার করে দিবে, কিন্তু এখন তো ভাতিজার হদিস পাইলাম না।’
আবদুল্লাহদের বাড়ির পাশের মিথিলা মেডিকেলের মালিক মো. মারুফ হোসেন বলেন, ‘আবদুল্লাহ শুক্রবার দুপুরে নিখোঁজ হওয়ার পর থেকে সেদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমার মুঠোফোনে ফোন করে একজন বলে, আপনার মুঠোফোনে একটি এসএমএস আছে সেটা পড়ে দেখেন। এসএমএস পড়ে দেখি, তাতে লেখা আছে—বাদলের ছেলেকে কিডন্যাপ করা হইছে, ওর মাকে বলেন ৫ লাখ ৫০ হাজার টাকা রাখতে। আমি বিকাশ নম্বর পরে দিব।’
ছেলের অপহরণের সংবাদ পেয়ে গতকাল সকালে আবদুল্লাহর বাবা বাদল মিয়া কুয়েত থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। বাদল মিয়া বলেন, ‘আমার কাছে টাকার চাইতে ছেলে বড়, তার খবর পাইয়া দেশে চলে আসছি।’
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস হোসেন প্রথম আলোকে বলেন, অপহৃত স্কুলছাত্রকে উদ্ধারের জন্য পুলিশ ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে।