'কত দিয়ে কিনলেন?'
লাল, কালো, সাদা রং। আবার মিশ্র রঙেরও আছে। রঙের মতো আকারেও রয়েছে ভিন্নতা—চিকন, মোটা, মাঝারি, খাটো, লম্বা। এমন হরেক রং ও আকৃতির গরু দিয়ে ভর্তি এখন কোরবানির পশুর হাট। আকার অনুযায়ী গরুর দাম হাঁকা হচ্ছে ১ লাখ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত। লোকজন হাটে আসছেন; উৎসাহ নিয়ে গরু দেখছেন। সাধ্যমতো কেনার চেষ্টায় দরদাম করছেন। দর-কষাকষি শেষে গরু কিনতে পারার পর প্রায় প্রত্যেকে মুখোমুখি হচ্ছেন উৎসুক প্রশ্নের মুখে। লোকজন আগ্রহ নিয়ে জানতে চাইছেন, ‘কত দিয়ে কিনলেন?’
আজ শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার সবচেয়ে বড় গরুর হাট গাবতলী ঘুরে এ দৃশ্য চোখে পড়ল। বিক্রেতারা বলছেন, হাটে লোকজনের আনাগোনা অনুপাতে বিক্রি কম। তাঁদের মতে, ঢাকার লোকজন কয়েক দিন পর্যন্ত বিভিন্ন হাটে গরুর দাম যাচাই করতে থাকেন। কেনেন মূলত ঈদের আগের দুই দিন। কাজেই এখন বিক্রি কম হলেও বিক্রি বাড়ার ব্যাপারে আশাবাদী। বিক্রেতারা জানালেন, ৫০ হাজার টাকা থেকে ১০-১২ লাখ টাকার গরু আছে গাবতলী হাটে।
গাবতলী হাটের হাসিল ঘরে কাজ করছিলেন জাহিদুল ইসলাম। তিনি জানালেন, কয়েক দিন ধরেই হাটে প্রচুর গরু আসছে। শুক্রবার দুপুরের পর ৬০-৭০টি গরু ভর্তি ট্রাক এসেছে। তবে সেই তুলনায় বিক্রি কম। আশা করছেন, দু-এক দিনের মধ্যেই বিক্রি জমে উঠবে।
টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ২২টি গরু নিয়ে গাবতলী এসেছেন দুলাল হোসেন। একেকটি গরুর দাম চাইছেন তিন থেকে পাঁচ লাখ টাকা। কালোর মধ্যে সাদা ছোপ—এমন দুটি বড় গরুর একেকটির দাম চাইছেন ১২ লাখ টাকা। বিক্রি হয়েছে কি না, জানতে চাইলে বললেন, দুটি গরু বিক্রি করছেন ১১ লাখ টাকায়।
কুষ্টিয়া থেকে হামজা ইসলাম এসেছেন সাতটি গরু নিয়ে। একেকটি গরুর দাম চাইছেন ছয় লাখ টাকা। জানালেন, এখন পর্যন্ত একটিও বিক্রি করতে পারেননি। তবে লোকজন আসছেন। দামদর করছেন।
গাবতলী হাটে প্রচুর লোকজন দেখা গেল, বড় বড় গরুর সামনে দাঁড়িয়ে মুঠোফোনে সেলফি তুলছেন। ঈগল অ্যাগ্রো ফার্মে বিশাল আকৃতির একটি কালো গরুর সামনে কয়েকজনকে সেলফি তুলতে দেখা গেল।
মোহাম্মদপুর থেকে গরু দেখতে এসেছিলেন রেজাউল ইসলাম। তিনি জানালেন, ছেলেকে নিয়ে এসেছেন বাজার যাচাই করতে। তবে কিনবেন রোববার। বাজারে কেমন গরু দেখছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘গরুর তো শেষ নেই। তবে বিক্রেতারা বেশি দাম চাইছেন।’
গাবতলী হাট থেকে মধ্যবয়সী এক লোক মাঝারি আকারের একটি গরু কিনে বের হচ্ছিলেন। নাম জানালেন এমদাদুল ইসলাম। গরুর দাম কত নিয়েছে, জানতে চাইলে বললেন, বিক্রেতা এক লাখ টাকা দাম চেয়েছিলেন। অনেকক্ষণ দর-কষাকষির পর ৮২ হাজার টাকায় কিনতে পেরেছেন।
গরুর পাশাপাশি গাবতলী হাটে ছাগলও বিক্রি হচ্ছে। বশিরউল্লাহ নামের এক ব্যবসায়ী জানালেন, সাড়ে ১৭ হাজার টাকায় তিনি একটি খাসি কিনেছেন।
গাবতলী হাটকে কেন্দ্র করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা নিতে দেখা গেছে। ওয়াচ টাওয়ার দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাটের চারপাশে নজর রাখছেন।