'কত ভোট গেল সেতু হলো না'
জামালপুরের সরিষাবাড়ীর চর রৌহা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝারকাটা নদীতে সেতু নেই। সেখানে বাঁশের সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করছে ১৫টি গ্রামের মানুষ। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এলাকার কয়েকজন বলেন, ঝারকাটা নদীতে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সময় বিভিন্ন দলের সরকার ক্ষমতায় এসে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। বাধ্য হয়ে গ্রামের লোকজন প্রতিবছর বাঁশ সংগ্রহ করে যাতায়াতের জন্য সাঁকো তৈরি করে। এ সাঁকোতে মানুষ চলাচলের সময় কড়কড় আওয়াজ করে। কয়েক দিন পরপর মেরামত না করলে সাঁকোটি পারাপারের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষায় উজানের ঢলের প্রবল স্রোতে সাঁকো ভেসে যায়। পরে খেয়ানৌকা দিয়ে পারাপার হতে হয়।
চর রৌহা গ্রামের আবদুস সামাদ বলেন, ‘ভোটের আগে যে আসে সে বলে, নির্বাচিত হলে সেতু নির্মাণ করে দেব। কত ভোট গেল, সেতু হলো না।’
এলাকাবাসী সূত্র জানায়, সেতুটি দিয়ে চর রৌহা, ছাতারিয়া, চর সরিষাবাড়ী, নান্দিনা, বাঘমারা, আদ্রা, চুনিয়াপটল, জামিরা, দীঘলকান্দি, কোনারপাড়া, মাজারিয়া, সেংগুরিয়া, আতামারি ও সিধুলি গ্রামের মানুষ যাতায়াত করে। সাতপোয়া ইউনিয়নের ৪টি কমিউনিটি ক্লিনিক, ১টি পরিবার পরিকল্পনাকেন্দ্র, ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯টি কিন্ডারগার্টেন, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ৪টি ইবতেদায়ি ও ১টি আলিম মাদ্রাসার শিক্ষার্থী এ সেতু দিয়ে পারাপার হয়।
সাতপোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের বলেন, সেতুটি নির্মাণ করা হলে ১৫টি গ্রামের মানুষ ভোগান্তি থেকে রক্ষা পাবে।
কয়েকজন শিক্ষার্থী বলে, সাঁকো থেকে শিক্ষার্থীরা পড়ে গেলে বই-খাতা ভিজে যায়। অনেকে আহত হয়। ২০১৩ সালে খেয়ানৌকা ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অন্তর (৭) ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনিছ (৮) মারা যায়।
নিহত অন্তরের বাবা আক্রাম হোসেন বলেন, তাঁর ছেলে স্কুলে যাওয়ার সময় খেয়ানৌকা ডুবে মারা যায়।
আরএনসি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোজিনা খাতুন বলে, ‘সাঁকো থেকে পড়ে গিয়ে আমার মাথা ফেটে যায়।’
উপজেলা প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগ পেলে সেতু নির্মাণের পরিকল্পনা ওপরে পাঠানো হবে।