'কত যুগ ধরে আম্মার কণ্ঠ শুনি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কখনো মনে হয় এই তো সেদিন আব্বা-আম্মা একসঙ্গে বের হলেন। আব্বা ফিরে আসলেন, আম্মা এলেন না। আবার কখনো মনে হয়, কত যুগ ধরে আম্মার কণ্ঠ শুনি না। শান্তিপূর্ণ সমাবেশে গিয়ে কেন এমন হলো? আমাদের ভাইবোনদের কেন ভয়ংকর স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে?’
গতকাল শনিবার সন্ধ্যায় স্মরণসভায় তানিয়া বাখ্ত এভাবেই তাঁর মা আইভি রহমানকে স্মরণ করেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিল-পূর্ব এক শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার চার দিন পর ২৪ আগস্ট তিনি মারা যান। তানিয়া বাখ্ত আইভি রহমানের বড় মেয়ে। বর্তমানে তিনি বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। আইভি রহমান ছিলেন এ সমিতির সাবেক সভানেত্রী।
আইভি রহমানের ১২তম প্রয়াণ দিবস উপলক্ষে বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে সমিতির পক্ষ থেকে এ স্মরণসভার আয়োজন করা হয়। সভায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত ২২ জনের রুহের মাগফিরাত কামনা করেন আলোচকেরা।
তানিয়া বাখ্ত বলেন, ‘আমার মায়ের অপূরণ হওয়া স্বপ্নের একটি ছিল সমিতির একটি আধুনিক ভবন তৈরি। প্রাপ্তি হলো, সমিতিতে একটি আধুনিক ভবন তৈরি হয়েছে। মায়ের নামে তৈরি মিলনায়তনে মায়ের স্মরণসভা হচ্ছে। তবে দুঃখ হলো, মা আধুনিক ভবনটি দেখে যেতে পারেননি।’
স্মরণসভার প্রধান অতিথি জাতীয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী মিলনায়তনে ঢুকেই তানিয়া বাখ্তকে বুকে জড়িয়ে ধরেন। বক্তব্যে তিনি বলেন, ‘আইভির অবদানের কথা বলে শেষ করা যাবে না। স্বাভাবিকভাবে তো সে যায়নি। তাঁকে তো হত্যা করা হলো। সবাই বলছে সে এখন নেই, তবে সে সবার মধ্যে আছে।’
সাজেদা চৌধুরী মহিলা সমিতির মিলনায়তনে আইভি রহমানের একটি ছবি টানানোর জন্য সমিতির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সভার বিশেষ অতিথি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, আইভি রহমানকে শুধু স্মরণ করলেই হবে না, তাঁর মধ্যে যে শক্তি ও চেতনা ছিল, তা সবার মধ্যে সঞ্চারিত করতে হবে। এ দেশে আইভি রহমানের মতো অপমৃত্যু আর কারও হবে না, তা নিশ্চিত করতে পারলেই তাঁর আত্মা শান্তি পাবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, আইভি রহমানের নেতৃত্বে অন্যান্য নারী সংগঠনের সহযোগিতার কারণেই বর্তমানে জাতীয় সংসদে নারী সাংসদের সংখ্যা হয়েছে ৫০। আইভি রহমান এ সংখ্যা ১০০ করার দাবি তুলেছিলেন।