'কত সুখের সংসারটা ভেঙে গেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম
নজরুল ইসলাম

‘এখন আর বাড়ির দরজায় পুলিশ দিয়া কী হবে। আমার আসল লোকই তো চলে গেছে। কত সুখের সংসার ছিল আমার...’
বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম।
প্রায় শ খানেক ফ্ল্যাট নিয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজির মাদ্রাসা রোডের বিশালাকার বুকস গার্ডেন কমপ্লেক্স। এর একটিতে বছর দুয়েক হলো ভাড়ায় থাকেন নজরুল ইসলাম। গত সপ্তাহ থেকে এখানে পুলিশ পাহারা বসানো হয়েছে। খানিক দূরেই তাঁর পুরোনো পৈতৃক বাড়ি। সেটি ভেঙে একটি নতুন বাড়ি করার প্রস্তুতি নিতেই এই ভাড়া বাড়িতে ওঠা। কিন্তু নানা কাজের চাপে বাড়ির কাজে হাতই দিতে পারেননি। গত মাস দুয়েক থেকে এ বাড়িতেও থাকতেন না নজরুল ইসলাম। ভয় পাচ্ছিলেন, তাঁর ওপর হামলা হতে পারে। তাই ঢাকায় স্বজনদের বাড়িতে থাকতেন।
তাঁদের পারিবারিক জীবনটা কেমন ছিল? সেলিনা ইসলাম জানালেন, রাজনীতি আর পরিবার দুটো সম্পূর্ণ আলাদা করে রাখতেন নজরুল। তিন ছেলেমেয়ে। ওরা ছিল ‘নয়নের মণি’। খুব মেধাবী। বড় ছলে তরিকুল ইসলাম এসএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছিল। অঙ্কে পেয়েছিল
এক শতে এক শ। ছেলের কৃতিত্বে কত আনন্দিতই না হয়েছিলেন নজরুল। ছেলেটি এখন কলকাতার একটি কলেজে পড়ছে। মাত্র আট মাস বাকি এইচএসসির।
নজরুলের দ্বিতীয় ছেলে জাহিদুল ইসলাম অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে নবম শ্রেণিতে উঠেছে। ছোট মেয়ে নাফিজা ইসলাম পড়ছে পঞ্চম শ্রেণিতে। ভয়ে তাদের এখন স্কুলে যাওয়া বন্ধ। নজরুল দম্পতির স্বপ্ন ছিল, একদিন ছেলেমেয়েরা সমাজে সম্মানী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। মাঝপথে সেই স্বপ্ন ভেঙে গেল।
সেলিনা ইসলাম জানালেন, ১৯৯৪ সালে বিয়ে হয়েছিল তাঁদের। একই পাড়ায় বাড়ি। চেনাজানা ছিল। তবে ঠিক প্রেমের বিয়ে নয়। বিয়ে হয়েছে পারিবারিক সিদ্ধান্তে। মাঝে মাঝেই স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় বেড়াতে যেতেন নজরুল ইসলাম। ঘুরেফিরে পছন্দের কোনো হোটেলে খেতেন। বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমা দেখে বা কোনো অনুষ্ঠান দেখে ফিরতেন বাড়িতে।
সর্বশেষ এমন আনন্দের দিন কাটিয়েছেন পয়লা বৈশাখে। নববর্ষের সকালে ইলিশ রান্না করেছিলেন সেলিনা। সেটিই তাঁর শেষবারের মতো স্বামীকে রান্না করে খাওয়ানো। দুপুরের দিকে সবাই মিলে গিয়েছিলেন ঢাকায়। টিএসসি, শাহবাগ ঘুরে বেশ অনেকটা সময় কাটিয়েছিলেন রমনায়। বড় ছেলেটা অনেক দিন পর দেশে এসেছিল। খুব আনন্দ করছিল ছেলেমেয়েরা। ফেরার পথে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে এসে চটপটি খেতে ইচ্ছা হলো। গাড়ি থামিয়ে সবাই চটপটি, ফুচকা খেয়ে রাত নটার দিকে বাড়ি ফিরেছিলেন। মায়ের পাশে বসা ছেলেমেয়েগুলো সেদিনের সেই আনন্দের স্মৃতি মনে করে ফুঁপিয়ে উঠছিল মাঝে মাঝে।
অনেকেই তো জনপ্রতিনিধি স্বামীর মৃত্যুর পর তাঁর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনিও কি তাই করবেন? সেলিনা ইসলাম বলছিলেন, ‘না না, ওই সব কিছুই ভাবছি না। তিনি তাঁর ব্যবসা, রাজনীতি কোনো কিছুর সঙ্গেই কোনো দিন আমাদের জড়াননি। ছেলেমেয়েদের মানুষ করে তাঁর স্বপ্নটা পূরণ করাই এখন আমার প্রধান কাজ। সুস্থ-সবল মানুষটা এমন করে মাঝপথে ফেলে গেল, কেমন করে কী করব, ভাবতেই পারছি না।’