‘কতিপয় নারী নির্যাতকের জন্য বড় অর্জনগুলো ম্লান হয়ে যায়’
আঁধার কাটানো মোমবাতি জ্বালানোর প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে নারী নির্যাতনকারী ‘নষ্ট মানুষগুলোকে’ আলোর পথে আনার অঙ্গীকার করলেন নাগরিকেরা। গতকাল বুধবার ‘ক্যাম্পেইন টু ওয়ার্ক উইথ মেন অ্যান্ড বয়েজ’ নামে জাতীয় জোট রাজধানীর রবীন্দ্রসরোবরে পুরুষদের এ অঙ্গীকার সমাবেশের আয়োজন করে। এর মধ্য দিয়ে সূচনা হয় আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের। অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘অল্পসংখ্যক খারাপ মানুষের জন্য এত বড় আয়োজন করতে হয়েছে। তাদের জন্য দেশের বড় বড় অর্জন ম্লান হয়ে যাচ্ছে।’ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘কত বড় লজ্জা যে, এখনো বলতে হয়—নারীও মানুষ; নারীকে নির্যাতন করবেন না।’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নারীর অধিকারের বিষয়টি আত্মস্থ করতে না পারায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) দেশীয় পরিচালক আর্থার আরক্যান, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান। সংগীত পরিবেশন করেন গায়ক শুভ্র দেব, এসিডদগ্ধ নারীদের গানের দল পঞ্চমসুর।