'কথা না রাখায়' মাঠে ছিলেন না সাঁওতালরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের চাষ করা ধান কাটছে চিনিকল কর্তৃপক্ষ। পাশের রাস্তা দিয়ে যেতে যেতে সেই কাজ দেখছে সাঁওতাল শিশুরা l ছবি: সোহেল রানা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের চাষ করা ধান কাটছে চিনিকল কর্তৃপক্ষ। পাশের রাস্তা দিয়ে যেতে যেতে সেই কাজ দেখছে সাঁওতাল শিশুরা l ছবি: সোহেল রানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের উদ্যোগে সাঁওতালদের রোপণ করা ধান কাটা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। মাড়াই শেষে সে ধান সাঁওতালদের ঘরে পৌঁছে দেওয়াও শুরু হয়েছে। তবে ধান কাটার সময় জমিতে কোনো সাঁওতাল উপস্থিত ছিলেন না।
চিনিকল কর্তৃপক্ষ গতকাল বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ধান কাটা কার্যক্রম শুরু করে। এ প্রসঙ্গে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘আমরা হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের পর তা বস্তায় ভরে সাঁওতালদের দিচ্ছি।’ সাঁওতালদের অনুপস্থিত থাকার বিষয়ে এমডি বলেন, কেউ উপস্থিত না থাকলেও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এবং সাঁওতালদের সম্মতি নিয়েই ধান কাটা হচ্ছে। অধিগ্রহণ করা জায়গায় সাঁওতালরা যে ফসল ফলিয়েছেন, তা যেন তাঁরা ঘরে তুলতে পারেন বা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ফসল তুলে সাঁওতালদের দিতে পারেন, সে ব্যবস্থা নিতে ১৭ নভেম্বর নির্দেশ দেন হাইকোর্ট।
খামারের মোট ১ হাজার ৮৪২ একর জমির প্রায় ১৩৫ একরে রোপা আমন ধান চাষ করেছিলেন সাঁওতালরা। এর মধ্যে ৩০ একর জমির ধান পেকেছে।
আবদুল আউয়াল জানান, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই একর জমির ধান কাটা ও মাড়াই করা হয়। সন্ধ্যায় ধানের বস্তা সাঁওতালদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ধান কাটার সময় গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান, সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যানের প্রতিনিধি জাহিদ আলী আনসারী, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ধান কাটার সময় জমিতে উপস্থিত না থাকার ব্যাপারে জয়পুর গ্রামের তিরজিউলিশ হেমব্রম (৪৫) গতকাল বিকেলে বলেন, প্রশাসনের সহযোগিতায় চিনিকল কর্তৃপক্ষ নিজেরাই মেশিন দিয়ে ধান কাটছে। তাই সাঁওতালরা জমিতে যাননি।
একই গ্রামের দুলাল হাসদা (৪০) বলেন, ‘কাঁটাতারের বেড়ার কারণে আমাদের অনেক ঘুরে ধান নিয়ে আসতে হবে। তাই বেড়া খুলে দিতে বলা হয়েছিল। কিন্তু প্রশাসন কথা রাখেনি। এ কারণে আমরা ধান কাটতে যাইনি।’
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘প্রশাসনের নিজেদের কথার হেরফেরের কারণে আমাদের কোনো লোক ধান কাটতে যায়নি।’
৬ নভেম্বর সাহেবগঞ্জে চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত, পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ ঘটনার ১১ দিন পর ১৬ নভেম্বর সাঁওতালদের মামলা নেয় পুলিশ।