'কথা বল মা কথা বল'
জ্বলেপুড়ে অঙ্গার হওয়া মা-শাশুড়ির লাশ দেখার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন মনোয়ারা বেগম। বাকশক্তি রুদ্ধ প্রায়। গাড়ি থেকে যখন নামানো হলো লাশের খাটিয়া, এগিয়ে এসে তিনি তা স্পর্শ করলেন। বুক চাপড়ে আহাজারি করতে করতে বললেন, ‘এই খাটে কি তোমরা শুয়ে আছ? কথা বল মা, কথা বল।’ মনোয়ারা বেগমের বুঝতে বাকি থাকে না এই খাটেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন তাঁর মা আর শাশুড়ি। সঙ্গে রয়েছেন তাঁর জা।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি গ্রামের টিলাপাড়ায় গতকাল মঙ্গলবার বিকেলে কয়েক শ মানুষ এই মর্মান্তিক দৃশ্য দেখেছেন। নীরবে তাঁদেরও চোখ ভেসেছে জলে।
১৪ বছর আগে প্রতিবেশী মুহামঞ্চদ শফির সঙ্গে বিয়ে হয় মনোয়ারা বেগমের। তিন মেয়ের জননী তিনি। পাঁচ বছর আগে ভাগ্য ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে যান স্বামী মুহামঞ্চদ শফি। মাঝে একবার দেশে ফেরেন। গত সোমবার সকালে স্বামীকে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে নিয়ে আসার পথে ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল নামক স্থানে এসে পৌঁছালে গাড়ির পেছনে আসনের নিচে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মা ছেনোয়ারা বেগম (৬০), শাশুড়ি হালিমা বেগম (৬০) এবং জা পারভীন আকতার (৩০) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে তাঁর তিন মেয়ে শারমিন (১১), লাভলী (১২), পমিসহ (৯) সাতজন আহত হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
সরেজমিন বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে দুই হাতে মাথা ধরে কুঁজো হয়ে বসে আছেন মনোয়ারার স্বামী শফি। চোখে ছল ছল করছে জল। মলিন মুখ। নিষ্পলক দৃষ্টি। তাঁকে বাড়ি আনতে গিয়েই যে মা, শাশুড়ি আর ভাবির মৃত্যু হয়েছে। আহত মেয়েরাও কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়।
স্বজনেরা জানান, ছেনোয়ারা ও হালিমা দুই বেয়াইনের বাড়ি পাশাপাশি হওয়ায় দুজন প্রায়ই একসঙ্গে দিন কাটান। বেড়াতেও যান একসঙ্গে। সেদিনও তাঁরা একসঙ্গে বিমানবন্দরে যান। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া নুরুল হক (৩৪) বলেন, ‘বিস্ফোরণে গাড়ির পেছন থেকে হঠাৎ ধোঁয়া দেখে চালক গাড়ি থামান। পরে আমরা যে যার মতো করে দ্রুত বেরিয়ে পড়লেও তাঁদের তিনজনকে বাঁচানো যায়নি।’
গতকাল বিকেলে গাড়িতে করে তিনজনের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তাঁদের লাশ দাফন করা হয়।