‘কথা’ আর ‘বাজেটে’ মশা নিধন অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের প্রায় সাত লাখ অধিবাসী দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে অতিষ্ঠ। প্রয়োজনীয় বাজেট থাকা সত্ত্বেও নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে মশক নিধন অভিযানে তেমন কোনো সফলতা পাচ্ছে না সিটি করপোরেশন। অভিযোগ উঠেছে, এ খাতে বরাদ্দের অধিকাংশ টাকা আত্মসাত্ করা হয়। নগরের বিভিন্ন এলাকায় বছরে দুইবার ওষুধ ছিটানো হলেও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাসার আশপাশে ছিটানো হয় সারা বছর।নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় পরিবেশ দূষিত হয়ে পড়েছে। ব্যস্ত সড়কের পাশেই দেখা যায় আবর্জনার স্তূপ। নগরের বিভিন্ন এলাকার লোকজন জানান, আবর্জনা ও নোংরা পরিবেশের কারণে মশার বংশবিস্তার চলছে ব্যাপকভাবে। এমনকি দিনের বেলায়ও মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ।সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, ২০০৯-১০ অর্থবছরে মশা নিধনের জন্য ৫০ লাখ টাকার বাজেট রয়েছে। কিন্তু অর্থবছরের আট মাস চলে গেলেও এ পর্যন্ত ১৯ লাখ টাকার ওষুধ কেনা হয়েছে। আরও পাঁচ লাখ টাকার ওষুধ ক্রয়ের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছে। তবে কাগজপত্রে উল্লিখিত টাকার ওষুধ কেনা হয়েছে বলা হলেও বাস্তবে তা হয়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন। করপোরেশনের একমাত্র স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বছরে দুইবার নগরের বিভিন্ন ওয়ার্ডে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। গত রমজান মাস ও জানুয়ারিতে ওষুধ ছিটানো হয়েছে।নগরবাসীর অভিযোগ, বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়ে গেলেও সিটি করপোরেশন কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। এ বিষয়ে অনেকবার অভিযোগ করেও লাভ হয়নি। মশক নিধনে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রভাবশালী জনপ্রতিনিধি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বাসভবনের আশপাশে প্রায়ই ওষুধ ছিটানো হয়। আর অন্য এলাকাগুলোতে বছরে দুইবার ওষুধ ছিটানোর কথা বলা হলেও বাস্তবে তা দেখা যায় না বলে অভিযোগ রয়েছে। দাড়িয়াপাড়ার বাসিন্দা ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘বছর দশেক ধরে আমি দাড়িয়াপাড়া এলাকায় বসবাস করছি। কিন্তু এখন পর্যন্ত এক দিনও আমি ওই এলাকায় মশার ওষুধ ছিটাতে দেখিনি। অথচ মশার উৎপাতে ঘরে থাকতে পারছি না।’ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ক্ষোভ প্রকাশ করে বলেন, অর্থপ্রাপ্তি সাপেক্ষে বাজেট তৈরি করা হয়। অনেক সময় অর্থ পাওয়া না গেলে ওষুধ কেনা সম্ভব হয় না। এ ক্ষেত্রে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। ফলে অনেকটা ‘কথা’ আর ‘বাজেটে’ মশা নিধন অভিযান সীমাবদ্ধ। বাস্তবের চিত্র ভিন্ন। মশা নিধনের ক্ষেত্রে বাজেটের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তবে করপোরেশন কর্তৃপক্ষ ইচ্ছে করলেই নিজেদের বাজেটে বরাদ্দকৃত টাকা দিয়ে প্রতি মাসেই মশক নিধন অভিযান চালাতে পারে। কিন্তু গাফিলাতি ও উদাসীনতার কারণে তা হচ্ছে না।করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার বলেন, বরাদ্দকৃত টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। সিটি করপোরেশনের সামর্থ্য অনুযায়ী চাহিদার ভিত্তিতে বিভিন্ন এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো হয়। এ ক্ষেত্রে গাফিলতি কিংবা অবহেলার অভিযোগ সঠিক নয়। প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, অর্থবছরের শুরুর দিকে ১৯ লাখ টাকার ওষুধ ক্রয় করা হয়েছে। সম্প্রতি আরও পাঁচ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। প্রয়োজনে আবারও দরপত্র আহ্বান করা হবে।