'কন্যাশিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়'
হবিগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার সকালে জেলা প্রশাসন আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশের আগে সকাল সাড়ে নয়টার দিকে ‘কন্যাশিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ এ স্লোগান নিয়ে জেলা শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। হবিগঞ্জ কালেক্টরেট ভবনের পাশের নিমতলায় সকাল ১০টায় শুরু হওয়া সমাবেশে জেলার আটটি উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সমাজসেবা কর্মকর্তা, কািজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
বিভাগীয় কমিশনার বলেন, সবাই মিলে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিলেট বিভাগকে বাল্যবিবাহ মুক্ত করতে হবে। এ জন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধি ও কািজদের এ ক্ষেত্রে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বক্তব্য শেষে বিভাগীয় কমিশনার উপস্থিত সবাইকে বাল্যবিবাহমুক্ত দেশ গড়ার শপথবাক্য পাঠ করান। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মুশফিক হোসেন চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুল মালেক, জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন দেবপদ রায় প্রমুখ।