‘কবিরাজে মোর জাদুর ঘরক এতিম বানাইল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরের শুভ, নয় বছরের সৌরভ, ১১ বছরের শম্পাকে বুকে চেপে তাদের দাদি বেলা রানী হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, ‘এলা কায় হামাক দেখপে? দাদুমণিগুলার কী হইবে? ওরা কাক আব্বু কইবে? মুই মইলে মাটি কায় দিবে?’ শাশুড়ির এসব কথা শুনে অজ্ঞান হয়ে পড়েন রূপালী রানী। লোকজন তাঁর মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরায়। একসময় তিনিও বলতে থাকেন, ‘কবিরাজে মোর জাদুর ঘরক এতিম বানাইল। এলা মুই ওমাক কোনটে থাকি খাওয়াইম, পড়ার খরচ কোনটে পাইম?’ এ আর্তনাদের দৃশ্য রংপুরের তারাগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের দিলীপ কুমারের (৩৫) বাড়ির। দিলীপ তারাগঞ্জ চৌপথীতে দোকান ভাড়া নিয়ে সাইনবোর্ড, ব্যানার ও রাবারের সিল তৈরির কাজ করে সংসার চালাতেন। ঘরে তাঁর তিন ছেলেমেয়ে। গত রোববার রাতে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন তিনি পাইলস রোগে ভুগছিলেন। তাঁদের অভিযোগ, রোগ নিরাময়ে পার্শ্ববর্তী বগুলাগাড়ী গ্রামের কবিরাজ ছাবেদ আলীর পরামর্শে ওষুধ ব্যবহারের পর তিনি মারা যান। দিলীপের স্ত্রী রূপালী রানী অভিযোগ করেন, ৪০০ টাকা নেওয়ার পর কবিরাজ দুই মাস আগে গাছগাছালির ওষুধের সঙ্গে চুন ও পেঁপের কষ মিশিয়ে মলদ্বারে লাগানোর পরামর্শ দেন। কবিরাজের পরামর্শে ওই ওষুধ মলদ্বারে লাগানোর পর ঘা দেখা দেয়। মলদ্বার দিয়ে রক্ত ও পুঁজ পড়া শুরু করে। দিন পনেরো আগে কবিরাজকে বিষয়টি জানালে তিনি তেলভাজা মলদ্বারে লাগানোর পরামর্শ দেন। সে অনুযায়ী কাজ করার পর দিলীপের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। খাওয়াদাওয়া বন্ধ হয়ে যায়। ১ আগস্ট রাতে তাঁর অবস্থা একেবারেই খারাপ হয়ে পড়ে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। প্রতিবেশী প্রবীণ কুমার বলেন, ‘ছেলেমেয়েগুলো স্কুলে পড়ে। দিলীপের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। টাকার অভাবে সে কবিরাজি চিকিৎসা করেছে।’ কবিরাজ ছাবেদ আলীর ভাষ্য মতে, ‘দিলীপ অনেক কবিরাজের কাছে চিকিৎসা করেছে। আমার চিকিৎসায় তার কোনো ক্ষতি হয়নি। হয়তো সে অন্য রোগে মারা গেছে।’ তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহামুদ ইসলাম ও জাহিদুল ইসলাম বলেন, ‘এগুলো অপচিকিৎসা। এ চিকিৎসা যে নেবে, সে বিপদে পড়বে। এ ধরনের অপচিকিৎসায় পচন থেকে ক্যানসারে রূপ নিতে পারে।’ তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম বলেন, ‘লোকমুখে শুনেছি। কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’