‘কবিরাজের’ চিকিৎসায় দুজনের মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে কথিত এক নারী কবিরাজের ভুল চিকিৎসায় দুজন মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল শুক্রবার ওই কবিরাজকে গ্রেপ্তার করেছে।মৃত দুজন হলেন উপজেলার বাগময়না গ্রামের ছকির আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৩৫) ও খাড়াউড়া গ্রামের আবদুর রাজ্জাক (৫৫)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রানীগঞ্জ বাজারসংলগ্ন কলোনিতে ঘর ভাড়া নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মনসন্তোষ গ্রামের তোরাব আলীর স্ত্রী পারভীন বেগম (৪৫) তিন মাস ধরে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছেন। গত বৃহস্পতিবার রোকেয়া আক্তার পাইলসের চিকিৎসার জন্য পারভীনের কাছে আসেন। পারভীন এক হাজার টাকা নিয়ে তাঁকে ওষুধ দেন। সেই ওষুধ সেবনের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। রাত নয়টায় তিনি মারা যান। একইভাবে ওই কবিরাজের দেওয়া ওষুধ সেবন করে বুধবার পাইলসের রোগী আবদুর রাজ্জাক মারা গেছেন বলে তাঁর স্বজনেরা অভিযোগ করছেন। খবর পেয়ে গতকাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কথিত নারী কবিরাজকে গ্রেপ্তার করে।পারভীন বেগম দাবি করেন, তাঁর ওষুধ খেয়ে অনেক রোগী ভালো হয়েছে। এ কারণে তিনি রোকেয়া আক্তারকে চিকিৎসা দিয়েছেন।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুর রহমান জানান, ওই নারী কবিরাজ এলাকার সহজ-সরল মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছেন। তাঁর বিরুদ্ধে রোকেয়া বেগমের স্বামী ছকির আলী বাদী হয়ে গতকাল হত্যা মামলা করেছেন।