'কবিরাজে'র বর্বরতায় বাকরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাকিবুল হাসান
রাকিবুল হাসান

ওপরের পাটির সঙ্গে নিচের পাটির দাঁত চেপে ধরে আছে শিশুটি। কারও সঙ্গে কথা বলছে না, কিছু খাচ্ছে না। তৃতীয় শ্রেণীতে পড়ত, এখন স্কুলে যাওয়াও বন্ধ। ১০ মাস ধরে এমনিভাবে চলছে। বাধ্য হয়ে শিশুটিকে ইনজেকশনের সাহায্যে মুখে তরল খাবার দেওয়া হচ্ছে। কথিত এক কবিরাজের অপচিকিৎসায় শিশুটির আজ এই দশা। তার নাম রাকিবুল হাসান, বয়স ১০ বছর। ঘটনাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের।

পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা রুবিয়া খাতুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করেন। রুবিয়া যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা, তখন তাঁর স্বামী শরিফুল হাসান মারা যান। এর পর থেকে রুবিয়া ছেলেকে নিয়ে আছেন। সঙ্গে রুবিয়ার মা-বাবাও থাকেন। রাকিবুলকে তিনি সুন্দরগঞ্জের জাতীয় শ্রেষ্ঠ শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। গত বছর সে তৃতীয় শ্রেণীতে ওঠে।

চাকরির কারণে রুবিয়া ছেলেকে সময় দিতে পারতেন না। শিশুটিকে মুখে ভাত তুলে খাওয়ানোসহ লালনপালন করতেন তার খালা মোর্শেদা। গত বছরের জুনে বিয়ে হওয়ার পর মোর্শেদা শ্বশুরবাড়ি চলে যান। এতে মানসিকভাবে ভেঙে পড়ে শিশুটি। একপর্যায়ে নিয়মিত খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় সে। এ ঘটনা শোনার পর শিশুটির ওপর জিনের আছর হয়েছে জানিয়ে একই গ্রামের কথিত কবিরাজ ও মাদ্রাসাছাত্র আরিফুল চিকিৎসা করার প্রস্তাব দেন। এতে সাড়া দেয়নি শিশুটির পরিবার।

গত বছরের ১৩ জুলাই বিকেলে শিশুটির বাড়িতে আসেন আরিফুল। শিশুটিকে সুস্থ করে তোলার নিশ্চয়তা দিয়ে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেন। প্রথমে তিনি ঝাড়ফুঁক দেওয়া সরিষার তেল ও পানি শিশুটির চোখে-মুখে ছিটিয়ে দেন। পরে সঙ্গে আনা একটি তাবিজ গরম তেলে ভিজিয়ে শিশুটির জিহ্বায় ছ্যাঁকা দেন। এ সময় শিশুটি চিৎকার করতে থাকে। তখন আরিফুলের সঙ্গে আসা তাঁর চাচা রেজাউল পেছন থেকে শিশুটির দুই হাত ধরে থাকেন। আর আরিফুল শিশুটির গালে জোরে জোরে থাপড় মারেন। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই কথিত কবিরাজ এ ঘটনা ঘটান। সেদিন থেকে শিশুটি বাকরুদ্ধ হয়ে পড়ে।

এরপর শিশুটিকে রংপুরের মানসিক রোগ বিশেষজ্ঞ এবং নাক-কান-গলা বিশেষজ্ঞসহ কমপক্ষে ১৫ জন চিকিৎসক দেখানো হয়। ঘটনার ১০ মাস পেরিয়ে গেলেও শিশুটি সুস্থ হয়নি। বর্তমানে তাকে গাইবান্ধার ফিজিওথেরাপিস্ট বেলাল হোসেন থেরাপি দিচ্ছেন। বেলাল হোসেন বলেন, থেরাপির পাশাপাশি শিশুটির উন্নত চিকিৎসা দরকার।

গাইবান্ধা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ হারুন-অর-রশিদ বলেন, শিশুটি লিখে মনের ভাব জানাতে পারছে। তাই তার সঞ্চৃতিশক্তি ঠিক আছে। আঘাত পাওয়ার কারণে ভয়ে এ অবস্থার সৃষ্টি হতে পারে।

রুবিয়া খাতুন বলেন, ছেলে ইশারায় কথা বলে। কেউ ইশারা না বুঝলে লিখে মনের ভাব প্রকাশ করছে। ওর স্কুলে যাওয়া বন্ধ আছে। আগে জিহ্বায় ব্যথা পেত। এখন ব্যথা নেই। বিষয়টি লিখিতভাবে সুন্দরগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পর থেকে আরিফুল ও তাঁর চাচা পলাতক।