'কমমূল্যে ওষুধ না দিলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা হবে না'
নিরাপদ, কার্যকর, কমমূল্যের ওষুধ সরবরাহ করা না হলে টেকসই উন্নয়ন এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জিত হবে না। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ভাইস চেয়ার অধ্যাপক সাককো ফুকুদা-পার বাণিজ্য ও স্বাস্থ্যবিষয়ক বক্তব্যে এ কথা বলেছেন।
সাকিকো ফুকুদা-পার বলেন, নতুন বাণিজ্য চুক্তি থাকার পরেও পৃথিবীব্যাপী ওষুধের মূল্য আকাশচুম্বী হচ্ছে। জটিল রোগ চিকিৎসায় বা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে নতুন উদ্ভাবন না থাকায় বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। এর ফলে দুনিয়াব্যাপী লাখ লাখ মানুষ বিশেষ করে উন্নয়নশীল দেশের মানুষ ওষুধ পাচ্ছে না।
আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বার্ষিক বক্তব্যে সাকিকো বৈশ্বিক স্বাস্থ্যচিত্র তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের কিছু তথ্য তুলে ধরেন। সিপিডি এই বক্তব্যের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
সাকিকো বলেন, ২০১৪ সালে বাংলাদেশে ৮১ হাজার মানুষ যক্ষ্মায় মারা যায়। বাংলাদেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। তিনি জানান, গত ৪০ বছরে যক্ষ্মার চিকিৎসায় নতুন যে দুটি ওষুধ উদ্ভাবিত হয়েছে তা এখন বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে।
অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, স্বাস্থ্যকে ‘গ্লোবাল পাবলিক গুডস’ হিসেবে বিবেচনা করতে হবে। আন্তর্জাতিক আলোচনা এবং বিধিবিধানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে।
স্বাগত বক্তব্য দেন, সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। মূল বক্তা অধ্যাপক সাকিকো ফুকুদা-পারকে পরিচয় করিয়ে দেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে উন্মুক্ত আলোচনায় অংশ নেন ২২ জন।