'কমিউনিটি ক্লিনিকেও এইচআইভি টেস্টের ব্যবস্থা করা যেতে পারে'
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সব ধরনের গোপনীয়তা বজায় রেখে কমিউনিটি ক্লিনিকেও এইচআইভি টেস্টের ব্যবস্থা করা যেতে পারে। এতে অনেকেই এ টেস্ট করানোর জন্য উৎসাহিত হবে।
আজ মঙ্গলবার ‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু, আর নয় একটিও’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী। প্রথম আলো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী বলেন, মানুষকে শুধু এইচআইভি টেস্টের আওতায় আনলেই চলবে না, আক্রান্তরা সময়মতো যাতে যথাযথ চিকিৎসার আওতায় আসতে পারে তাও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারকে পর্যাপ্ত অর্থ ব্যয় করার পাশাপাশি বেসরকারি সংগঠন ও দাতা সংস্থাগুলোকেও সহযোগিতার হাত বাড়াতে হবে। এইচআইভি এইডস সম্পর্কে সবার আগে জানতে হবে। জানা থাকলেই তা থেকে মানুষ সতর্ক হতে পারবে। এ ধরনের জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।
বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান একজন চিকিৎসক হিসেবে রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দেন। অনেক দিন ধরে জ্বর, কাশি, পাতলা পায়খানা, দুর্বলতা এবং দ্রুত ওজন কমে যাওয়ার লক্ষণ দেখা দিলে এইচআইভি টেস্ট করানোর পরামর্শ দেন তিনি। তিনি দেশে চলমান এইচআইভি এইডস নিয়ে পরিচালিত কার্যক্রমগুলোতে সমন্বয় ও নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।
গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। আশার আলো সোসাইটির সাবেক উপপরিচালক আসমা পারভীন বাংলাদেশসহ বিশ্বের এইচআইভি এইডস পরিস্থিতি বিশেষ করে এ ক্ষেত্রে নারী ও শিশুদের অবস্থান তুলে ধরেন। সমস্যা থেকে উত্তরণে তিনি বিভিন্ন সুপারিশও করেন।
আলোচনায় অংশ নেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এইচআইভি এইডস বিশেষজ্ঞ এম জিয়া উদ্দিন, ইউএনএইডসের উপদেষ্টা সায়মা খান, সেভ দ্য চিলড্রেনের এইচআইভি এইডস প্রোগ্রামের চিফ অব পার্টি লিমা রহমান, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) দি গ্লোবাল ফান্ড আরসিসি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর এ কে এম মাসুদ রানা, লিঙ্কআপ বাংলাদেশের উপ প্রকল্প পরিচালক এ এস এম হাবিবুল্লাহ চৌধুরী, পায়াক্ট বাংলাদেশের পরিচালক আবু ইউসুফ চৌধুরী, মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, আস্থার সভাপতি শাহেদ ইবনে ওবায়েদ ও সম্পর্কের নয়া সেতু সংগঠনের প্রেসিডেন্ট জয়া শিকদার।