উপজেলা নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ করা হয়।
কমিশন সূত্র জানায়, আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলামের কাছে চিঠিটি পৌঁছে দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বরকতউল্লাহ বুলু।
পরে রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘উপজেলা নির্বাচন সামনে রেখে সরকারদলীয় প্রার্থীরা বিরোধীদলীয় প্রার্থীদের বাড়িঘরে হামলা করছেন। নারী-শিশুদের ওপর অত্যাচার করছেন। বিরোধীদলীয় প্রার্থীদের হয়রানি করতে মামলা দায়ের হচ্ছে।’ তিনি বলেন, ‘কমিশনের কাজ নির্বাচন যেন সুষ্ঠু হয়, এর ব্যবস্থা করা। কিন্তু কমিশন নির্লিপ্ত, নিরপেক্ষভাবে কাজ করছে না। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, এ ব্যাপারে ব্যবস্থা নিতে কমিশনের কাছে আহ্বান জানিয়েছি আমরা।’