‘কমিশন নিয়ে পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ বিদেশিদের দেওয়া হচ্ছে’
দেশের মুদ্রণশিল্পকে ধ্বংস করে একটি মহল কমিশনের বিনিময়ে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্ট ব্যক্তিরা এই কমিশন নিচ্ছে বলে সমিতির নেতারা অভিযোগ করেন।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মুদ্রণ শিল্প সমিতির নেতারা। আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক মুদ্রণের বিষয়ে এই সভার আয়োজন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলম ও তোফায়েল আহমেদ এ সময় বক্তব্য দেন।নেতাদের অভিযোগ, কাগজ কেনার সময় ভ্যাট ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা লোপাট করা হচ্ছে। এ জন্য তাঁরা এনসিটিবিকে দায়ী করেছেন। তাঁরা বলেন, নিয়ম অনুযায়ী কাগজ জোগানদাতার ৪ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। কিন্তু ২০১১ সালের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য কাগজ কিনতে গিয়ে এই ধরনের প্রায় আট কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে। এ বছরের বইয়ের জন্য এনসিটিবি ২৩ হাজার মেট্রিক টন কাগজ কেনে। কিন্তু দুই হাজার মেট্রিক টন বাদে বাকি ২১ হাজার মেট্রিক টন কাগজের ক্ষেত্রে উৎপাদনকারীরাই জোগানদাতা হিসেবে কাজ করে। এ ক্ষেত্রে তারা শুধু উৎপাদনকারীকে ভ্যাট দিয়েছে। এনসিটিবির মাধ্যমে জোগানদাতার ভ্যাট ফাঁকি দেওয়ার এই তথ্য তুলে ধরে নেতারা আগামী বছরের জন্য বইয়ের কাগজ কেনার ক্ষেত্রেও এ ধরনের ফাঁকির আশঙ্কা করছেন।সংবাদ সম্মেলনে এনসিটিবির বিরুদ্ধে আর্থিক কমিশনের অভিযোগ বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ করি মন্ত্রণালয়ের নির্দেশে এবং নীতিমালার ভিত্তিতে।’ ভ্যাট ফাঁকির বিষয়ে তিনি বলেন, নিয়মের বাইরে কিছু করা হয় না।