'কমে গেছে' যান চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি আর অপহরণ আতঙ্কে যাত্রী কমে গেছে। এ কারণে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে যানবাহন চলাচলও কমে গেছে। পরিবহন মালিকেরা এ কথা জানিয়েছেন।
২৩ অক্টোবর ভোরে সড়কের কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়াঢালায় অ্যাম্বুলেন্স থামিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আবু তৈয়ব ও আবু ছিদ্দিক এবং চকরিয়ার শাহ আলমকে অপহরণ করে দুর্বৃত্তরা। ২৪ অক্টোবর ভোররাতে পুলিশ ঈদগড়ের জঙ্গল থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঈদগাঁও বাস মালিক সমিতির নেতারা জানান, আগে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত পুলিশ পাহারায় ২১ কিলোমিটার দীর্ঘ এই সড়কে শতাধিক যানবাহন (মিনিবাস, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ) চলাচল করত। ২৩ অক্টোবরের অপহরণের ঘটনার পর এখন মাত্র ২০-২৫টি চলাচল করছে। কারণ যাত্রী কমে গেছে। তাঁরা বলেন, সড়কের কক্সবাজার সদরের ঈদগাঁও, রামুর ঈদগড় ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় তিনটি পুলিশ ফাঁড়ি থাকলেও ডাকাতি বন্ধ হচ্ছে না। কারণ ফাঁড়িতে পুলিশের নিজস্ব গাড়ি নেই। ডাকাতির কোনো ঘটনা ঘটলে পুলিশকে অটোরিকশার জন্য দৌড়াতে হয়।
ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ বলেন, এই সড়কে দিনে পুলিশ পাহারায় যানবাহন চলাচল করলেও ডাকাতি এবং অপহরণ আতঙ্কে সন্ধ্যার পর বন্ধ থাকে। তিনি বলেন, ১১ অক্টোবর সড়কের রামুর ধুমছাকাটা এলাকা থেকে দুর্বৃত্তরা স্থানীয় কৃষক জাফর আলম, নুরুল আজিম, আবদুস শুক্কুর ও শাহ আলমকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন তাঁরা মুক্তিপণ দিয়ে ছাড়া পান।
রামু উপজেলার গর্জনিয়া বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, সপ্তাহের প্রতি রবি ও বুধবার বাইশারী; শনি ও মঙ্গলবার ঈদগাঁও এবং সোম ও শুক্রবার ঈদগড়ে হাট বসে। প্রতি হাটের দিন অনেক মানুষ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু ডাকাতি ও অপহরণ আতঙ্কে এখন লোক চলাচল অনেক কমে গেছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, সড়কের করলিয়ামুরা, বৈদ্যপাড়া, অলিরঝিরি, বেঙডেপা, হাতিবান্ধা, হাজিরপাড়া, ধুমছাকাটা, হাসনাকাটা, অর্জনবাগান, পানেরছড়া, ছনখোলা, গজালিয়া, হিমছড়ি, ভোমরিয়াঘোনাসহ ১৮টি স্থানে ডাকাতের উৎপাত লেগে থাকে।
ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ কালু বলেন, ২০১৪ সালের ৯ আগস্ট ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। সঙ্গে ছিলেন বাইশারী ইউনিয়নের রাঙাঝিরি গ্রামের আবদুল কাদের ও রশিদ উল্লাহ; গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের মো. ইলিয়াছ ও আবদুর রহিম। মুক্তিপণ দিয়ে ১০ আগস্ট তিনজন ছাড়া পান। ১১ আগস্ট পুলিশ জঙ্গল থেকে গর্জনিয়ার ইলিয়াছ ও আবদুর রহিমের লাশ উদ্ধার করে। মুক্তিপণ না দেওয়ায় ডাকাতেরা তাঁদের হত্যা করে।
পুলিশ ও স্থানীয় জানায়, ২০০৯ সালের ৯ নভেম্বর সড়কের পানেরছড়া ঢালায় ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির নায়েক সুষম চাকমা ডাকাতের গুলিতে নিহত হন। ২০০৭ সালে ডাকাতের গুলিতে মারা যান রামুর ধুমছাকাটা গ্রামের জাকের হোসেন ও সোলাইমান সিকদার। গুলিবিদ্ধ হয়ে পঙ্গু জীবন কাটাচ্ছেন অনেকে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গত তিন দিন পুলিশ সড়কের দুই পাশের জঙ্গলে অভিযান চালানোর কারণে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেছে। এখন পুরো সড়ক পুলিশের নিয়ন্ত্রণে। পুলিশ দেখে লোকজনের আতঙ্ক কেটে যাচ্ছে।
রামু থানার ওসি আবদুল মজিদ বলেন, পাহাড়ের ভেতর দিয়ে তৈরি এই সড়কে রাত নয়টা পর্যন্ত পুলিশ পাহারায় যানবাহন চলাচল করছে। এরপর সড়কে পুলিশ থাকে না। রাতে জরুরি প্রয়োজনে কেউ চলাচল করতে চাইলে পুলিশ সহযোগিতা দিচ্ছে।