‘কম্পিউটার ভান্তের বিদ্যালয়’ চলে ভাগ্য গণনার টাকায়
মানুষের ভাগ্য গণনা করে পাওয়া টাকা দিয়েই চলছে সাঙ্ঘামিত্বা আবাসিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত আদিবাসী শিশুদের শিক্ষাদান। বর্তমানে ১৩৭ জন দরিদ্র আবাসিক ছেলেমেয়েসহ এখানে ১৭৬ জন শিশু পড়াশোনা করছে। আর মানুষের ভাগ্য দেখা ও শিশুদের ভাগ্য গড়ার কাজটি করছেন কম্পিউটার ভান্তে নামের একজন বৌদ্ধ ভিক্ষু। এ জন্য সাঙ্ঘামিত্বা আবাসিক বিদ্যালয় ‘কম্পিউটার ভান্তের বিদ্যালয়’ হিসেবে সবার কাছে পরিচিত।স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালিতে ২০০৩ সালে ৫০ জন মেয়েশিশু নিয়ে সাঙ্ঘামিত্বা আবাসিক বিদ্যালয়ের যাত্রা শুরু করেন কম্পিউটার ভান্তে। তখন শুধু ইংরেজি মাধ্যমে পাঠদান করা হতো। কম্পিউটার ভান্তে বলেন, তাঁর ইচ্ছা ছিল, ইংরেজি মাধ্যমে শুধু মেয়েদের জন্য বিদ্যালয়টি গড়ে তুলবেন। সে জন্য বিদ্যালয়ের নামও দিয়েছেন সম্রাট অশোকের মেয়ে সাঙ্ঘামিত্বার নামে। কিন্তু স্থানীয় বাস্তবতা ও শিক্ষা বোর্ডের বাধ্যবাধকতার কারণে তা সম্ভব হয়নি।তাইংখালি পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) ক্যপ্রু মারমা জানিয়েছেন, সামাজিকভাবে অনগ্রসর তাইংখালি এলাকার মানুষ সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী ছিলেন না। তবে কম্পিউটার ভান্তের এই উদ্যোগ এলাকায় আলোড়ন সৃষ্টি করে। তাঁর ভাগ্য গণনার বিষয়টিও সর্বত্র ছড়িয়ে পড়ে। ভাগ্য গণনা করতে আসা লোকজনের দেওয়া অর্থেই চলছে প্রতিষ্ঠানটি।কম্পিউটার ভান্তে রাজবিলা এলাকার একজন বৌদ্ধ ভিক্ষু। কম্পিউটার যেমন নির্ভুল চিত্র দিতে পারে, তেমনি কম্পিউটার ভান্তের কেন্দ্রীভূত মননে কেউ সন্নিবিষ্ট হলে তার মানসপটেও অতীত, বর্তমান ও ভবিষ্যতের নির্ভুল ভাগ্যচিত্র পরস্ফুিট হয়ে ওঠে বলে অনেকের বিশ্বাস। এ জন্য তাঁকে কম্পিউটার ভান্তে বলা হয়। দক্ষিণ কোরিয়ায় ভাগ্য গণনা করে তিনি এ উপাধি পেয়েছেন বলে তাঁর শিষ্যরা জানিয়েছেন। কম্পিউটার ভান্তে প্রথম আলোকে বলেন, বহু বছর ধ্যান করে তিনি এ ঋদ্ধিজ্ঞান (এক ধরনের দৈবজ্ঞান) লাভ করেছেন।সরেজমিনে দেখা যায়, বিশাল বাগান পরিবেষ্টিত পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে বিদ্যালয়টি। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ও একটি বেসরকারি সংস্থার তৈরি করে দেওয়া দুটি ঘরে পাঠদান চলছে। প্রধান শিক্ষক প্রুথোয়াইচিং জানান, থানচি, রুমা, রোয়াংছড়ি, বিলাইছড়ি ও রাজস্থলীর সুবিধাবঞ্চিত দুর্গম এলাকার দরিদ্র ১৩৭ জন আবাসিক ও ৩৯ জন অনাবাসিক ছেলেমেয়ে বিদ্যালয়ে পড়াশোনা করছে। এর মধ্যে মেয়ে ১০০ জন। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন সাতজন। গত বছর ১০ জন প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।রুমা থেকে আসা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মেসাইউ মারমা জানায়, অনেকের সঙ্গে এখানে পড়াশোনা করতে তার ভালো লাগে। চিম্বুক পাহাড়ের পাসিং ম্রো চতুর্থ শ্রেণীতে পড়ে। সে বলে, তাদের পাড়ার আশপাশে কোনো বিদ্যালয় নেই। এ জন্য তাকে আবাসিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন।বিদ্যালয় পরিচালনা করে সাঙ্ঘামিত্বা সেবাসংঘ। সংঘের সভানেত্রী মানিনী মারমা বলেন, অনেক সমস্যা রয়েছে, ধীরে ধীরে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, কম্পিউটার ভান্তের ত্যাগ ও এলাকাবাসীর আগ্রহ দেখে জেলা পরিষদ ছেলেদের ও অন্য একটি সংস্থা মেয়েদের হোস্টেল করে দিয়েছে। পার্বত্য মন্ত্রণালয় থেকে একটি বিহার নির্মাণ করা হচ্ছে।বান্দরবান সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন জানান, বিদ্যালয়টি এখনো নিবন্ধিত নয়। তবে গত বছর এখান থেকে শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে।