‘কম্বল কোনা দিয়া খুব উপকার করলেন, বাহে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শীতোত মরি যাই। কাইয়ো কিছু দেয় না। জারের ঠ্যালায় রাইতোত ঘুম আইসে না। বারে বারে উটি আর বসি থাকি। কম্বল কোনা দিয়া খুব উপকার করলেন, বাহে।’গতকাল বুধবার প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল পেয়ে খাসের চরের ছকিনা বেওয়া (৬৫) এভাবেই তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।গতকাল কুড়িগ্রাম সদর উপজেলার খাসের চরে প্রথম আলো ট্রাস্টের দেওয়া ২০০ কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি হাসনা বানু, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কুড়িগ্রামের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সফি খান প্রমুখ।তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে বন্ধুসভার সদস্যরা বেলা ১১টায় নৌকা নিয়ে হাজির হন ব্রহ্মপুত্র নদের ওই চরে। এ সময় নদের তীরে অসংখ্য মানুষ জড়ো হয়।ছকিনা বেওয়া বলেন, ‘এবার খুব জার পড়ছে, বাহে। কম্বল দিয়া খুব উপকার করলেন। আল্লা তোমার ভালো করবে।’ এ সময় পাশে দাঁড়ানো আকলিমা বেগম কম্বল দিয়ে দুই সন্তানকে জড়িয়ে নিয়ে বললেন, ‘এই জারের মধ্যে তোমরা কেমন করি আসলেন, বাহে। কুয়াশার ঠ্যালায় কিছুই দেখা যায় না। তোমার গুলার ভালো হইবে, বাহে।’