‘খুব কষ্ট বাহে। আইতোত জারোত কাপং। নিন (ঘুম) ধরে না। টুট্টুরা (জবুথবু হয়ে থাকা) নাগি বসি থাকং। আজ কম্বলখান গাওত দিয়ে আরামে ঘুমাম।’ গতকাল মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত কেদার ইউনিয়নের ভারত সীমান্তবর্তী মধ্যখামার গ্রামের বৃদ্ধ ওমেদ আলী। গতকাল প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রাম ও ফেনীর সোনাগাজী উপজেলার দুটি চরে দুস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এসব কম্বল বিতরণে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে ১০০ জনকে কম্বল ও ৫০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাববীর আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, সাংবাদিক সালাউদ্দিন, বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রকাশ পাত্র প্রমুখ।শীতবস্ত্র পেয়ে নকিপুর গ্রামের শহর বানু (৬৬) বলেন, ‘আইলায় সুব নষ্ট হয়ে গে। আট মাস ধুরে একনকম খোলা আকাশের নিচে নয়েছি। হাড় কাঁপানো শীত পড়তে। কাবু কুরে ফেলেছে। তুমরা যে কমবুল ও শীতকাপুড় দিলে তাতে গায়ে দিয়ে ব্যাচি থাকতি পারবুনি।’কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলার সঙ্গে দুধকুমোর নদ দ্বারা বিচ্ছিন্ন সীমান্তঘেঁষা ইউনিয়নটির অধিকাংশই দরিদ্র। গতকাল দুপুর ১২টায় ইউনিয়নের দরিদ্র, বৃদ্ধ ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সামসুল ইসলাম, মো. ইসাহাক, সামসুল হুদা ও আ. ছামাদ, বন্ধুসভার সভাপতি হাসনা বানু, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কুড়িগ্রামে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সফি খান প্রমুখ। ফেনী: সোনাগাজী উপজেলার ফেনী নদীর ভাঙনে বস্তুভিটা হারা দক্ষিণপূর্ব চর চান্দিয়া ও চর খোন্দকার বেড়িবাঁধের ওপর আশ্রয় নেওয়া দুস্থ মানুষের মধ্যে গতকাল সকালে ৮০টি কম্বল ও ২০টি অন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বিকেলে উপজেলার বিষ্ণুপুর জেলাপাড়া ও বকুলতলায় আরও ২০টি কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সোনাগাজী হাইস্কুলের প্রধান শিক্ষক কবির আহমদ, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন, সমাজসেবক সমর দাস, প্রথম আলোর সেনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান, ফেনী বন্ধুসভার সভাপতি কাজী ইকবাল আহমেদ প্রমুখ।