'কম্বলডা গায় দিয়ে এটটু শান্তি পাবেনে'
হাসিনা বানুর হাতে কম্বল। মুখে হাসি। যশোর রেলগেট এলাকার ষাটোর্ধ্ব গৃহবধূ বলেন, ‘লোকটা (তাঁর স্বামী) অসুস্থ। সারা দিন বারান্দায় শুয়ে থায়ে। জারে (শীতে) কাঁপতি থায়ে। কম্বলডা গায় দিয়ে এটটু শান্তি পাবেনে।’ গতকাল শুক্রবার যশোর ও নীলফামারীতে হতদরিদ্র শীতার্ত মানুষদের আরও ৩৭০টি কম্বল বিতরণ করা হয়। হাসিনা বানু কম্বল পাওয়া মানুষদেরই একজন।
সকালে প্রথম আলোর যশোর কার্যালয়ের সামনে ২০০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি হারুন-অর-রশীদ, প্রথম আলো যশোর বন্ধুসভার সভাপতি কাজী লুৎফুন্নেসা, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রমুখ।
গতকাল সকালে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ করা হয় ১৭০টি কম্বল।
এর আগে বন্ধুসভার সদস্যরা সোনারায় ইউনিয়নের উত্তরপাড়া, দক্ষিণপাড়া, হাইস্কুলপাড়া, পূর্বপাড়া, জুগির ডাঙ্গাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ১৭০ শীতার্ত পরিবারের তালিকা তৈরি করেন। গতকাল সেই তালিকা অনুযায়ী কম্বল বিতরণ করেন। বিতরণ কাজে সহযোগিতা করেন স্থানীয় এনামুল হাসিব, সাহিদ আহম্মেদ সান্তু, নীলফামারী বন্ধুসভার সভাপতি সুধীর রায়, সাধারণ সম্পাদক শেখ সাদীসহ বন্ধুসভার অন্য সদস্যরা।