‘কম্বলডা দিয়ে হামাক কষ্ট থ্যাকি বাঁচালিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত শনিবার ও গতকাল রোববার বগুড়া, কিশোরগঞ্জের কটিয়াদী, চাঁদপুর, চাঁপাইনবারগঞ্জ ও ঢাকার দোহারে ৬৬৭ জন শীতার্ত মানুষকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। ‘শীতত খুউব কষ্ট পাচ্চিলাম, তুমি হামার কে বাপ, কম্বলডা দিয়ে হামাক কষ্ট থ্যাকি বাঁচালিন।’ প্রথম আলো বন্ধুসভার সদস্যদের কাছ থেকে কম্বল পেয়ে কথাগুলো বলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর পূর্ব বহাইল গ্রামের করিমন বেওয়া। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: চন্দনবাইশা বাজারের অদূরে আয়েশা-ওসমান বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে ২০০ জন শীতার্তকে কম্বল ও ২০০ জনকে সোয়েটার, প্যান্ট ও গরম কাপড় দেওয়া হয়েছে। এক্সট্যাসির সহযোগিতায় ২০০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়। সারিয়াকান্দি উপজেলার যমুনাপারের কতুবপুর বাঁধে আশ্রিত পরিবার, কড়ইতলা বাজারসংলগ্ন গ্রাম এবং গাবতলী উপজেলার গোলাবাড়ি এলাকার শীতার্ত মানুষের মাঝে কিছু কম্বল বিতরণ করা হয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ): গতকাল কটিয়াদী কলেজ মাঠে ১৭০ জন গরিব, দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ গুল নিঝুম। চাঁদপুর: চাঁদপুর হাসান আলী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার ৫০ জনকে শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ: ‘হামরাকে কেহ কম্বল দেয় না। তোরা দিলি, খুব ভালো লাগছে। আরামে শুতব।’ কম্বল পেয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী গ্রাম চম্পাতলার ঢ্যানা মুরমু (৭৫)। বিকেলে চম্পাতলা আমারক গ্রামের ৫২ জন আদিবাসী-বাঙালি বয়স্ক ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে শনিবার রাতে শহরের বস্তি এলাকার ২৫ জন দুস্থ বয়স্ক মানুষের মাঝে কম্বল দেওয়া হয়। নবাবগঞ্জ (ঢাকা): গতকাল ঢাকার দোহার উপজেলার মাহমুদপুরে শীতার্ত ১৭০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় বক্তব্য দেন ফিনল্যান্ডপ্রবাসী রমজান আলী, সমাজসেবক মোশারফ হোসেন প্রমুখ। সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার জন্য প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ১৯ লাখ ৮২ হাজার ৮৩০ টাকা। ওই টাকায় কম্বল কিনে দেশের বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া জমা পড়ে চার হাজার ৬৩১টি কম্বল, ৪৩৩টি সোয়েটার ও ১৮ বস্তা ব্যবহূত কাপড়। বাংলাদেশ ইনডেনটিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে কে এম শহীদুল হক, এ এইচ বিশ্বাস, এম আই দাস্তগীর দিয়েছেন ১৪৪টি কম্বল। মোর্শেদ ইমাম ৫০টি কম্বল, রোদেলা ও জারিফ ৩০টি কম্বল, নিভা মাওলা ২০টি কম্বল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ব্যাচ-১-এর শিক্ষার্থীরা ৭০টি চাদর, সাঈদ এম ইশতিয়াক ৩০টি চাদর, কাজী হেদায়েত উল্লাহ, রাইসা ও শফিক দিয়েছেন দুই বস্তা করে ব্যবহূত কাপড়। এ পর্যন্ত নয় হাজার ৩০৭ জনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।গতকাল মহিলা ক্লাব ইস্টার্ন পেয়ার ৫৫ হাজার ৩০০ টাকা, সাকেব আরেফিন খান ও ফারজানা ইসলাম ২২ হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দিয়েছেন ১২ হাজার টাকা, রুদায়না আহমেদ মামুর ও জারিয়াব আহমেদ ১০ হাজার, নাসির আহমেদ পাঁচ হাজার ও ইফফাত তারান্নুম দুই হাজার টাকা দিয়েছেন। রওনক আমিন হাসনাত কামিনী, কামরুল ইসলাম মাশনুল কাদের দিয়েছেন এক হাজার ৫০০ টাকা ও ইনারা আয়াত খান দিয়েছেন এক হাজার টাকা। সহায়তা করতে চাইলে: সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা করতে পারেন। প্রথম আলো কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া পাঠাতে পারেন প্রথম অলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল হিসাব নম্বর; (২০৭.২০০. ১১১৯৪) ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়। প্রয়োজনে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ, মুঠোফোন ০১৯১৪৬০০৭৭০-এ যোগাযোগ করা যাবে।