চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাসাবাড়িসহ কর আদায়যোগ্য সব স্থাপনাকে পঞ্চবার্ষিকী কর পুনর্মূল্যায়নের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে কোনো তাড়াহুড়া করা হবে না। আর শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে এই প্রক্রিয়া শেষ করা হবে।
গতকাল সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১টি ওয়ার্ডের পঞ্চবার্ষিকী কর পুনর্মূল্যায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। এ উপলক্ষে নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়র চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের হাতে ‘স্বনির্ধারণী ফরম’ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। এই ফরমে নগরবাসী নিজের স্থাপনার বিস্তারিত তথ্য উল্লেখ করে সিটি করপোরেশনের তথ্য সংগ্রহকারীর কাছে জমা দেবেন।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অতীতে বিধিবিধান ও আইনে না থাকা সত্ত্বেও নিজেদের মনগড়া পদ্ধতিতে সিটি করপোরেশন কর নির্ধারণ করেছে। এতে নগরবাসীদের মধ্যে অস্থিরতা ও আস্থাহীনতার সৃষ্টি হয়েছে এবং তাঁদের মধ্যে ভীতির সঞ্চার হয়। এসব অনিয়মের কারণে সিটি করপোরেশন পঙ্গু ও ভঙ্গুর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সিটি করপোরেশনের তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে দিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘কর আদায়ের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাব। তথ্য সংগ্রহের সময় নগরবাসীর সঙ্গে কোনো দুর্ব্যবহার করা যাবে না। ভয়ভীতি দেখানো যাবে না। কেউ যদি অনিয়ম করেন, তাহলে তাঁর বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে।’ নগরবাসী যাতে সহজে কর পরিশোধ করতে পারেন, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মেয়র।
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, নাগরিক সেবা পেতে হলে নগরবাসীকে কর দিতে হবে। কর না দিলে শহরের উন্নয়ন হবে না। কর দেওয়ার বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, ইতিপূর্বে ট্যাক্সেশন রুলস অনুযায়ী কর পুনর্মূল্যায়ন করা হয়নি। বিধি লঙ্ঘন করে কর পুনর্মূল্যায়ন করায় সিটি করপোরেশন প্রচুর রাজস্ব হারিয়েছে। এবার নিয়ম মোতাবেক কর পুনর্মূল্যায়ন করা হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডের কর পুনর্মূল্যায়ন করা হবে। ওয়ার্ডগুলো হলো দক্ষিণ পাহাড়তলী, শুলকবহর, জামালখান, আন্দরকিল্লা, বকশির হাট, ফিরিঙ্গিবাজার, আলকরণ, দক্ষিণ মধ্যম হালিশহর, উত্তর আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা ও দক্ষিণ পতেঙ্গা। এসব ওয়ার্ডে স্থাপনার তথ্য সংগ্রহ করার জন্য রাজস্ব বিভাগের ৩৬ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।