'কর দিতে হবে সঠিক নিয়মে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, কয়েক বছর ধরে বাংলাদেশের জিডিপি মোটামুটি ৬ শতাংশে স্থিতিশীল, যা অনেক দেশের কাছেই ঈর্ষণীয়। এ অবস্থা ধরে রাখতে সবাইকে সঠিক নিয়মে কর দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার খুলনার একটি অভিজাত হোটেলে ‘শুল্ক মূল্যায়ন, শ্রেণিবিন্যাস এবং রুলস অব অরিজিন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ক্রমবর্ধমান রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, শুল্ক প্রশাসন আধুনিকীকরণ এবং স্টেকহোল্ডারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মংলা কাস্টম হাউস ওই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) সুলতান মো. ইকবাল, পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক একরামুল হাবীব এবং খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক। এতে সভাপতিত্ব করেন মংলা কাস্টম হাউস কমিশনার আল আমিন প্রামাণিক। স্বাগত বক্তৃতা করেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জামাল হোসেন।