নগরে সুস্থ পরিবেশে জীবনযাপন করতে পৌরকর দেওয়ার সংস্কৃতি তৈরির আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের ট্যাক্স (কর) দেন। বিপরীতে সিটি করপোরেশনের ম্যানুয়েলে (বিধি) যে নাগরিক সেবা আছে, তা পাই টু পাই বুঝে নেন।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মপরিকল্পনাবিষয়ক সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরবাসীর অনেকেই সমালোচনা করেন, এই রাস্তাটা কেন ভাঙা, এই এলাকায় দুর্গন্ধ, এখানে কেন লাইট জ্বলে না। তাঁদের এই অধিকার আছে। তবে এই অধিকার নিশ্চিত করতে তাঁদের সহায়তা প্রয়োজন।
মেয়র বলেন, একটি অ্যাপার্টমেন্টের ভাড়া যদি হয় ৩০ হাজার বা ৪০ হাজার টাকা, সেখানে বাড়িওয়ালা বলছেন ১০ হাজার টাকা। এর ভিত্তিতেই কর পুনর্মূল্যায়ন করা হয়। কিন্তু তাঁরা সেটিও দিতে চান না।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যার বর্তমান অবস্থা সৃষ্টির জন্য সবাই কমবেশি দায়ী মন্তব্য করে মেয়র আ জ ম নাছির আরও বলেন, ‘এ সমস্যা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, কেউ যদি ধারণা করেন এক বা দুই বছরের মধ্যে আমি তা সমাধান করে ফেলব, তার সঙ্গে আমি বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করব।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মপরিকল্পনার সার্বিক চিত্র তুলে ধরেন প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম, হাবিবুল হক, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন প্রমুখ।