'কর ফাঁকি বাংলাদেশে হয়, আমেরিকাতেও হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. গোলাম হোসেন
মো. গোলাম হোসেন

‘কর ফাঁকি বিশ্বের সব দেশেই হয়। এটা ইউনিক কিছু না। বাংলাদেশে যেমন কর ফাঁকি হয়, তেমনি আমেরিকাতেও হয়।’ আজ বুধবার অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক-বাজেট বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন এ কথা বলেছেন। এনবিআরের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনবিআরের চেয়ারম্যান বলেন, সরকার অনেক খাতেই প্রচুর সুবিধা দিয়েছে। কিন্তু সেখান থেকে সরকার লাভবান হয়নি। যেমন বাড়িভাড়া ও আবাসন খাত।

বাড়িওয়ালাদের বিষয়ে এনবিআরের চেয়ারম্যান বলেন, এক লাখ ৬২ হাজার বাড়ির মালিক শনাক্ত করা হয়েছেন যাঁরা কোনো আয়কর রিটার্ন দাখিল করেন না।

আগামী বাজেটে আয়করের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে মন্তব্য করে এনবিআরের চেয়ারম্যান বলেন, আগামী বছর রাজস্ব আদায়ের ১ নম্বর উত্স হবে আয়কর। এখন এটা আছে ২ নম্বরে। আগামী বছর থেকে উত্সগুলো হবে প্রথমত আয়কর, দ্বিতীয়ত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং তৃতীয়ত শুল্ক।

আবাসন খাত ও পুঁজিবাজারে অনেক সমস্যা আছে মন্তব্য করে গোলাম হোসেন বলেন, আবাসন খাতে গত বাজেটে অনেক প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু এ থেকে সরকার কোনোভাবে লাভবান হয়নি। একই ভাবে পুঁজিবাজারকেও অনেক প্রণোদনা দেওয়া হয়েছে।