‘করি আবাহন চিরায়ত গরিমার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির তাঁতযন্ত্রটি নিয়ে এসেছেন মণিপুরি এক নারী। তাঁর হাত আর যন্ত্রের কারুকার্যে প্রদর্শনীতে পুরোদস্তুর তাঁত বুননকর্ম আক্ষরিক অর্থে প্রকাশ পাচ্ছে। ঐতিহ্যের এমন কারুকার্য ছাড়াও মণিপুরিদের ব্যবহার্য ও খাদ্যসামগ্রীর ২০টি পসরা বসেছিল সিলেট নগরের হাফিজ কমপ্লেক্সে।‘করি আবাহন চিরায়ত গরিমার’ স্লোগানে গত মঙ্গলবার থেকে সিলেটে প্রথমবারের মতো আয়োজন করা মণিপুরি উৎসব। গতকাল বৃহস্পতিবার শেষ হলো এ উৎসব। বেসরকারি সংস্থা এফআইভিডিবির পৃষ্ঠপোষকতায় তিন দিনের মণিপুরি উৎসবে নিজস্ব সংস্কৃতি ও জীবনযাপনের আদি-ঐতিহ্য তুলে ধরা হয়।গতকাল সমাপনী দিনে বাংলাদেশে মণিপুরিদের সাংস্কৃতিক ঐতিহ্যের বর্ণময় দিক নিয়ে আলোচনা হয়। বিকেল পাঁচটায় উৎসবস্থলে ‘যোগ-বিয়োগের যাত্রাপথে মণিপুরি সংস্কৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান হয়।এতে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক হায়াৎ মামুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান। উৎসবের পৃষ্ঠপোষক বেসরকারি সংস্থা এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহিন আহমদের সভাপতিত্বে বিষয়ভিত্তিক আলোচনা পর্বে দুটো মূল প্রবন্ধ উপস্থাপন করেন মণিপুরি কবি এ কে শেরাম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম মাযহারুল। তিন দিনের উৎসবে আয়োজক হিসেবে দায়িত্ব পালনকারী এফআইভিডিবির কর্মকর্তা চৌধুরী ফজলে নূর বলেন, ‘আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিলেমিশে আছে মণিপুরি সমপ্রদায়। তাদের ব্যবহার্য ও খাদ্যসামগ্রীর সঙ্গে পরিচিত করে তুলতেই এ আয়োজন।’