খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
'কর্তব্যনিষ্ঠ এসপির পরিবারকে নিরাপত্তা দিতে পারেনি রাষ্ট্র'
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে গতকাল সোমবার চট্টগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বাবুল আক্তার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়ে চলেছেন। সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। অথচ রাষ্ট্র তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে পারল না।
বাংলাদেশ যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখা গতকাল বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, একের পর এক ব্লগার, মুক্তমনা মানুষ এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর লোকজনকে একই কায়দায় হত্যা করা হচ্ছে। কিন্তু সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।
বক্তারা এই হত্যাকাণ্ড দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আরেকটি নতুন ষড়যন্ত্র বলে অভিহিত করে বলেন, সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর হাতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন নির্বিকার থাকায় এবং কোনো হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।
বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি সুব্রত ধর, সাবেক যুবনেতা হাবিব বিপ্লব, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল হোসেন।
একই দাবিতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বশর এতে সভাপতিত্ব করেন। প্রচার সম্পাদক আবদুল হালিমের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠক সাইফুল উদ্দিন, সোহেল মৃধা, আমিনুল হক, ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান।
এ ছাড়া চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নগরের প্রেসক্লাবের সামনে এবং প্রতিবাদী নাগরিক সমাজ নামের একটি সংগঠন কর্নেলহাট কাট্টলী নুরুল হক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।