'কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশের স্বজনকে চাকরি দেওয়া হবে'
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্য মারা গেলে তাঁদের পরিবারের সদস্যদের যোগ্যতা সাপেক্ষে পুলিশ বিভাগে চাকরি দেওয়া হবে।
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে আইজিপি শহীদুল হক এ কথা বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনা এলাকায় পুলিশের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৫ সালে কর্তব্য পালনের সময় সারা দেশে সড়ক দুর্ঘটনা, দুর্বৃত্তের হামলার শিকার ও রোগাক্রান্ত হয়ে ১২৬ পুলিশ সদস্য মারা যান। আজ তাঁদের পরিবারের সদস্যদের হাতে স্বীকৃতি স্মারক দেওয়া হয়। তাঁদের নগদ ৫০ হাজার করে টাকা, একটি ক্রেস্ট, একটি সার্টিফিকেট ও একটি করে ডিনার সেট দেওয়া হয়।
আইজিপি বলেন, যে পুলিশ সদস্যরা আত্মত্যাগ করেছেন, তাঁদের পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁদের পরিবারে যদি চাকরিযোগ্য কেউ থাকেন, তাঁদের পুলিশ বিভাগে চাকরি দেওয়া যাবে। পুলিশের চাকরি যোগ্যতা না থাকলে অন্য বিভাগে চাকরি দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। প্রতিটি জেলার পুলিশ সুপারকে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে তাঁদের সমস্যা ও সুযোগ-সুবিধা দেখার জন্য বলে দেওয়া হয়েছে। তারপরও প্রয়োজন হলে তাঁর সঙ্গে তাঁদের দেখা করতে বলেন।
পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। আইজিপির কোনো তহবিল নেই। তবুও তাঁর পক্ষে যতটুকু করার তিনি করে যাবেন। এ সময় কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্য মারা গেলে তাঁদের অন্তত ২০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চান আইজিপি।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নিহত পরিবারের সদস্যদের কিছু করতে না পারলেও তাঁদের একত্র করে সহানুভূতি জানাচ্ছেন। পুলিশের এই আত্মত্যাগ দেশের মানুষ মনে রাখবে। আত্মোৎসর্গকারীরা পুলিশের শ্রেষ্ঠ সদস্য। তিনি নিহত ও আহত পুলিশ সদস্যদের আর্থিক সহযোগিতা দেওয়ার কথা তুলে ধরেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে স্বীকৃতি স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মইনুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে নিহত পুলিশ সদস্যদের সম্মান জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।