'কর্ম ও সৃষ্টির মাধ্যমে বেঁচে আছেন জামাল নজরুল ইসলাম'
বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম ছিলেন একজন আদর্শ শিক্ষক। বিশ্বনন্দিত এই গবেষক আজীবন জ্ঞানসাধনায় নিবেদিত ছিলেন। ন্যায়নিষ্ঠ মানবতাবাদী জামাল নজরুল ইসলাম শিক্ষক ও গবেষকদের জন্য আলোকবর্তিকাস্বরূপ। কর্ম, সৃষ্টি ও আদর্শের মাধ্যমে তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত ও ভৌত বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের স্মরণে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
অধ্যাপক জামাল নজরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্র। গবেষণাকেন্দ্রের সম্মেলনকক্ষে দিনব্যাপী এই আয়োজনে দেশ-বিদেশের শিক্ষক ও গবেষকেরা বিভিন্ন বিষয়ে ১৪টি প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনে জামাল নজরুল ইসলামের নৈতিক দর্শন অনুসরণ করে শিক্ষক ও গবেষকদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার। তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞানচর্চায় নিবেদিতপ্রাণ এই বিজ্ঞানী ছিলেন একজন আদর্শ শিক্ষক ও আদর্শ মানুষ।
সম্মেলনে সভাপতিত্ব করেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী।
অন্যান্যের মধ্যে সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ সফিউল আলম, অধ্যাপক এম এ মনসুর চৌধুরী, জামাল নজরুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক সুরাইয়া ইসলাম, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজহারুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ আশরাফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক সোমা চৌধুরী বিশ্বাস, গণিত বিভাগের সাবেক অধ্যাপক কামরুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নিলুফার পান্না, স্থপতি জেরীন খান প্রমুখ।